BJP and TMC: একুশে জুলাইয়ের আগে বড় ধাক্কা খেল তৃণমূল – Bengali News | Many people left tmc and join in bjp alipurduar
আলিপুরদুয়ার: রাজ্যজুড়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি চরমে। জেলাগুলি থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মীরা। একুশে জুলাই নিয়ে যখন তৎপর শাসকদল সেই সময়ই উত্তরবঙ্গে বড় ধাক্কা তৃণমূলের। সেখানে শাসকদল ছেড়ে বিজেপি-তে যোগদান করলেন অনেকে।
শনিবার সন্ধেয় কুমারগ্ৰাম ব্লকের বারোবিশা এলাকায় বিজেপির সভা আয়োজিত হয়। এই সভাতে তৃণমূল ছেড়ে একশোটি পরিবার বিজেপিতে যোগদান করে। আগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি মিঠু দাস। উপস্থিত ছিলেন কুমারগ্ৰাম বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাঁও। একদিকে তৃণমূল কর্মীরা যখন কলকাতায় যাচ্ছেন, অন্যদিকে জেলায় বিজেপির যোগদান কর্মসূচি চলছে। ফলে আলিপুরদুয়ারে চড়ছে রাজনৈতিক পারদ।
মিঠু বলেন, “প্রায় একশোর বেশি পরিবার বিজেপিতে যোগদান করেছেন। এরা সকলেই মোদীজীর হাত শক্ত করেছেন। ছাব্বিশের নির্বাচনে এরা ভারতীয় জনতা পার্টির হাত করলেন। আগামী বিধানসভা ভোটে তৃণমূল যে এখান থেকে একটা আসনও পাবে না তা বোঝাই যাচ্ছে। এতজন যোগদান করায় নিঃসন্দেহে বিজেপির ঘাঁটি শক্ত হল।”
বস্তুত, সোমবার তৃণমূলের শহিদ স্মরণ দিবস। সামনের বিধানসভা ভোটের আগে এটাই শেষ একুশে জুলাই। সেই কারণে প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেইদিকেই তাকিয়ে তৃণমূল কর্মীরা। তার মধ্যেই এবার এই যোগদান নিতান্তই তাৎপর্যপূর্ণ।
