Birbhum: পরপর তিনটে বোমা! ফের বোমাবাজি বীরভূমে, প্রাণ গেল দাপুটে তৃণমূল নেতার – Bengali News | Three bombs in a row, another bombing in Birbhum, a powerful Trinamool leader lost his life
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla
মল্লারপুর: ফের বীরভূম। ফের বোমাবাজি তৃণমূলে! দাপুটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা। মৃত্যু! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মল্লারপুরে। মৃত্যু হয়েছে বীরভূমের ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামীর। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারে দুস্কৃতীরা। গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন।
ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিলেন বাইতুল্লা শেখ। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মেরে চলে যায়।
এলাকার বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ! কিন্তু কে বা কারা কোন উদ্দেশ্যে তাঁকে খুন করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। এর পিছনে রাজনৈতিক কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার বাসিন্দাদের পাশাপাশি কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে।