DVC: ‘পরিস্থিতি ভয়াবহ হবে’, ডিভিসি-কে চিঠি পাঠাল রাজ্য – Bengali News | WB govt sends letter to DVC to decrease water flow amid flood situation
কলকাতা: ফের ডিভিসি-কে চিঠি দিল রাজ্য সরকার। এবার রাজ্যের সেচ দফতরের তরফ থেকে চিঠি পাঠানো হল।
আজ, বুধবার সন্ধ্যায় চিঠি পাঠিয়ে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যাতে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমায়। গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি করা হয়েছে বেশ কয়েকটি জেলায়। ইতিমধ্যেই ডিভিসি-কে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ডিভিসি-কে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে নদী, বিশেষ করে রূপনারায়ণের জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। নিম্নচাপ ইস্ট ইউপি-র দিকে সরে যাওয়ায় এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত কম হওয়ায় এই মুহূর্তে ডিভিসিকে জল কম ছাড়ার অনুরোধ। তা নাহলে বন্যা পরিস্থিতি বেশ কিছু জেলায় ভয়াবহ হবে বলে চিঠিতে ডিভিসি কে জানানো হয়েছে।
মঙ্গলবারই ডিভিসি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা। তিনি জানান, গত ১৮ জুন থেকে ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে ডিভিসি। এ বছর বেশি জল ছাড়া হচ্ছে বলেও সরব হন তিনি। বারবার বলার পরও ডিভিসি গুরুত্ব দিচ্ছে না বলে সরব হন।
এদিন ঘাটাল মাস্টারপ্ল্যানের কথাও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই এলাকায় বন্যার সমস্যা থাকবে। ২ বছরের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ রাজ্য সরকার শেষ করার চেষ্টা করছে বলে তিনি জানান।