RG Kar Case: ‘১১ মাসে কোনও তদন্তই হয়নি’, আক্ষেপ তিলোত্তমার মায়ের – Bengali News | RG Kar victim’s mother reaction on CBI investigation, raised question
ব্যারাকপুর: তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে পুলিশ যেখানে ছিল, সিবিআই সেখানেই আছে। মানে কোনও তদন্তই শুরু হয়নি। আক্ষেপ করে এ কথাই বলছেন তিলোত্তমার মা। বুধবার ছিল আরজি কর মামলার শুনানি। সেখানে তিলোত্তমার পরিবারের তরফ থেকে আইনজীবী একাধিক প্রশ্ন তুলেছেন। তবে এদিন সিবিআই কার্যত কলকাতা পুলিশের তদন্তকেই মান্যতা দিয়েছে। সাফ জানিয়ে দিয়েছে, সঞ্জয় রায় ছাড়া আর কারও ডিএনএ ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তিলোত্তমার মা এদিন বলেন, এরকম তদন্ত কোনওদিন দেখিনি। কলকাতা পুলিশ যা তদন্ত করেছে সিবিআই-ও তাই, একই কাজ করেছে। ১১ মাস হয়ে গেল এখনও চার্জশিট দিতে পারেনি। মানে তদন্তই শুরু হয়নি এখনও।
আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রায় এক বছর হতে চলল। নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফ থেকে। আগামী ১২ সেপ্টেম্বর আবার শুনানির দিন আছে। এছাড়া আগামী ২০ জুলাই তিলোত্তমার বাড়ি থেকে মশাল মিছিল হবে।
এদিন তিলোত্তমার আইনজীবী প্রশ্ন তোলেন, বিনীত গোয়েল সিবিআই-এর তদন্তকারী অফিসারের ব্যাচমেট বলেই কি তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত হচ্ছে না? তবে সিবিআই সাফ জানিয়ে দিয়েছে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। কার্যত ক্লিনচিট দেওয়া হয়েছে বিনীত গোয়েলকে।