Shamik Bhattacharya: গোঁফ গজায়নি তখনই বিজেপিতে, চিনে নিন ৪৪ বছর ধরে রাজনীতি করা তপন-দিলীপের উত্তরসূরিকে – Bengali News | Know about the political career of Shamik Bhattacharya, the new state president of Bengal BJP
কলকাতা: জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে। তিনিই যে এগিয়ে রয়েছেন তাও শোনা যাচ্ছিল। যদিও অনেকেই বলছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পদে ফের সুকান্ত মজুমদারের উপরেই আস্থা রাখতে পারে দল। যদিও আরএসএসের একাংশ চাইছিলেন শমীককেই। এদিন মনোনয়নের সময়সীমা শুরু হতেই দেখা যায় শমীক ভট্টাচার্য এলেন নোমিনেশন জমা দিতে। সঙ্গে এলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। তাঁরাই বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতির পদে প্রস্তাব করলেন শমীকের নাম। ওয়াকিবহাল মহল বলছে, এ ছবিতেই স্পষ্ট শমীকই হচ্ছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি। একসময় যে দায়িত্ব ছিল তপন শিকদার, দিলীপ ঘোষদের কাঁধে তা এবার সামলাবেন শমীক।
একটু পিছনের দিকে তাকালে দেখা যাবে চব্বিশ থেকেই শমীকের রাজনৈতিক ক্যারিয়ার নতুন মোড় নিতে শুরু করে। অথচ ২০২২ সালে কোর কমিটিতেও জায়গা হয়নি তাঁর। শমীকের জন্ম ১৯৬৩ সালের ৫ নভেম্বর। সেই হিসাবে এখন বয়স ৬১। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন ১৯৮৮ সালে। কলেজ জীবনে পড়ার সময় থেকেই রাজনীতিতে আগ্রহ বাড়তে থাকে। দীর্ঘ ৪৪ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। জনসংঘের সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তীতে বিজেপি। একইসঙ্গে আরএসএস-ও করতেন। হাওড়া জেলা থেকে জনসংঘের সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যুক্ত হওয়া।
জিতেছিলেন একবারই
২০১৪ সালের বিধানসভার উপনির্বাচনে জয়ী হন বসিরহাট দক্ষিণ থেকে। যদিও সেই জয়ের পর পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাঁকে। ২০১৬ সালের ভোটে আবার বসিরহাট দক্ষিণ কেন্দ্রে দীপেন্দু বিশ্বাসের কাছে হেরে যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র লড়ে সৌগত রায়ের কাছে পরাজিত হন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরে লড়েন। কিন্তু হেরে যান তৃণমূলের অদিতি মুন্সির কাছে।
নাবালক বয়স থেকেই বিজেপিতে
যদিও এরইমধ্যে পৌঁছে যান সংসদে ২০২৪ সালের ৪ এপ্রিল রাজ্যসভার সাংসদ হন শমীক। ২০২৪ সালে কোর কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। দীর্ঘ প্রায় ৪৪ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ঘনিষ্ট মহলে এও বলেন তিনি নাবালক বয়স থেকে বিজেপির কর্মী। কারণ তিনি ১৮ বছরের আগে থেকেই পদ্ম শিবিরের সঙ্গে যুক্ত। ১৯৮০ সালে বঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি প্রাপ্তি থেকে থেকে আজকের সুকান্ত মজুমদার, পূর্বতন সব রাজ্য সভাপতি হওয়ার সাক্ষী শমীক ভট্টাচার্য। আগে গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন হরিপদ ভারতী, বিষ্ণু কান্ত শাস্ত্রী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, তপন শিকদার, অসীম ঘোষ, তথাগত রায়, সত্যব্রত মুখোপাধ্যায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষের মতো তাবড় তাবড় পদ্ম নেতারা। এবার সেই পদেই আসীন হতে চলেছেন শমীক।