উত্তমের দলে নাম লেখালেন সত্যজিৎ, সৌমিত্রর সঙ্গে জহর রায়! শেষপর্যন্ত কারা জিতলেন? – Bengali News | Unknown story of satyajit ray and uttam kumar and soumitra chatterjee about cricket match
সত্য়জিৎ রায়ের নায়ক ছিলেন উত্তম কুমার। অন্যদিকে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন তাঁর মানসপুত্র অপু। সেই সময় বাংলা ছবির দর্শকরা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল একদল উত্তমের ভক্ত, তো আরেকদল সৌমিত্রর। সেই সময়কার পরিচালকরা এই দ্বন্দ্বটা বেশ এনজয়ও করতেন। আর তাই তো বক্স অফিসে সৌমিত্র-উত্তমের ছবি মুখোমুখি হলেই, নানান সমালোচনা। এই সমালোচনায় মাঝে মধ্যে যুক্ত হতেন সত্যজিৎ রায়ও। তবে সেবার লড়াইটা সিনেমার পর্দার নয়। বরং খেলার মাঠের। আর সেখানে দলের ক্য়াপ্টেন ছিলেন সত্যজিৎ!
সময়টা ছয়ের দশক। ইডেন গার্ডেনে টলিউডের তারকাদের নিয়ে একটি প্রদর্শনী ম্য়াচের আয়োজন হয়েছিল। সেই ক্রিকেট ম্য়াচে মুখোমুখি হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় একাদশ টিম এবং কাননদেবী একাদশ টিম। হেমন্ত টিমের ক্য়াপ্টেন ছিলেন সত্যজিৎ রায়। আর এই দলের ভাইস ক্য়াপ্টেন ছিলেন উত্তম কুমার। উলটো দিকে কাননদেবীর টিমের ক্য়াপ্টেন জহর রায়। আর ভাইস ক্যাপ্টেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
সিনেমার পাশাপাশি খেলার বিশাল ভক্ত ছিলেন সত্যজিৎ। বিশেষ করে ক্রিকেট ছিল তাঁর প্রিয়। এমনকী, নিজেই দারুণ ক্রিকেট খেলতেন সত্য়জিৎ। বেটিং নয়, বরং তিনি ছিলেন স্পিন বোলার।
স্টেডিয়াম জুড়ে তখন হইচই। সত্যজিতের স্পিনের কাছে একের পর এক কুপোকাত সৌমিত্র ও জহরের টিমের প্লেয়ার। অন্যদিকে, সত্যজিতের টিমের সেরা প্লেয়ার উত্তম দুরন্ত ব্যাট করে আগে থেকেই স্কোর বাড়িয়ে রেখেছেন। তাই হেসেখেলে সৌমিত্র ও জহরদের হারানোটা ছিল সত্যজিতের বাঁ হাতের খেলা। ঠিক তেমনটিই ঘটল। রীতিমতো গো হারান হারল সৌমিত্রর দল। শোনা যায়, ম্যাচ জেতার পরে উত্তমের উচ্ছ্বাস সেদিন আলাদা করে নজর কেড়েছিল দর্শকদের। সত্যজিতের আনন্দও ছিল দেখার মতো। তবে এই সৌজন্য ম্যাচের পর, ম্য়াচের ফলাফল ভুলে টলিউডের সবাই মিলে এক বিশেষ ডিনারে একজোট হয়ে পার্টি করেছিলেন উত্তম, সৌমিত্র, সত্যজিৎ জহররা।