‘প্রমাণ ছাড়া শাস্তিমূলক পদক্ষেপ নয়’ ডাক্তারি পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

‘প্রমাণ ছাড়া শাস্তিমূলক পদক্ষেপ নয়’ ডাক্তারি পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের

Spread the love

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় কারচুপির অভিযোগে সাসপেন্ড হয়েছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের পড়ুয়া। তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চ জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই সাসপেনশনের সিদ্ধান্ত কার্যকর হবে না।

আরও পড়ুন: মেডিক্যালে ছাত্রভোটে মুখোমুখি লড়াই অনিকেত, দেবাশিসের, বড় জয় MCDSO-র

বৃহস্পতিবার আদালতের পর্যবেক্ষণ, ‘যেহেতু অভিযোগ এখনও প্রমাণিত নয়, তাই কোনও পড়ুয়াকে পরীক্ষায় বসতে বাধা দেওয়া যায় না। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক শাস্তিমূলক পদক্ষেপ যুক্তিযুক্ত নয়।’ আদালত সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত বছরের নিট পরীক্ষায়। অভিযোগ, এক পরীক্ষার্থীর হয়ে অন্যজন পরীক্ষা দিয়েছিলেন। পরে সিবিআই তদন্ত শুরু হয়। তাতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ছাত্র সুমিত মান্ডোলিয়ার নাম উঠে আসে। দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারির এক মাসের মাথায় জামিন পেয়ে যান রায়গঞ্জ মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের মামলাকারী ওই পড়ুয়া। এ বছর আগামী ৯ ও ১০ জুন তাঁর পরীক্ষা। কিন্তু, পরীক্ষার কয়েকদিন আগেই কলেজ কর্তৃপক্ষ তাঁকে সাসপেন্ড করে। এতেই পরীক্ষা অনিশ্চিত হওয়ায় কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন সুমিত। তাঁর আইনজীবী দেবারতি রায়চৌধুরী ও অর্কদেব বিশ্বাস জানান, ফৌজদারি মামলা বিচারাধীন, এখনও কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। এই অবস্থায় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে ছাত্রকে পরীক্ষায় বসতে না দেওয়া অবিচার।

আরও পড়ুন: বিরাট সাফল্য! দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানগুলির তালিকায় নবম কলকাতা মেডিক্যাল

আদালতে প্রশ্ন ওঠে, পরবর্তীতে যদি অভিযুক্ত নির্দোষ প্রমাণিত হন, তবে এর দায় কে নেবে? বিচারপতি জানান, একজন ছাত্রের বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাঁকে পরীক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। যতক্ষণ না অভিযোগ আইনি প্রক্রিয়ায় প্রমাণিত হচ্ছে, ততক্ষণ সাসপেনশন অগ্রহণযোগ্য। বেঞ্চের নির্দেশ, সুমিত মান্ডোলিয়াকে পরীক্ষায় বসতে দিতে হবে। তাঁকে পরীক্ষায় বসতে বাধা দেওয়া যাবে না। পাশাপাশি, কলেজ কর্তৃপক্ষের সাসপেনশনের সিদ্ধান্ত আপাতত স্থগিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *