মাঝরাতে কলকাতায় ফিরলেন অভিষেক, জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে থাকছেন না - 24 Ghanta Bangla News
Home

মাঝরাতে কলকাতায় ফিরলেন অভিষেক, জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে থাকছেন না

Spread the love

কেন্দ্রীয় সরকার গঠিত সর্বদলীয় প্রতিনিধি দলের একজন সদস্য হয়ে বিদেশের মাটিতে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন তিনি। একাধিক দেশে গিয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। ভারত যে মাথানত করবে না এবং অপারেশন সিঁদুর অভিযান কেন করতে হয়েছিল তা সবিস্তারে বিদেশের মাটিতে ব্যাখ্যা করেছেন তিনি। তুলে ধরেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানও। এসবের পর এবার বিদেশ সফর সেরে মঙ্গলবার মাঝরাতে কলকাতায় ফিরলেন তিনি। হ্যাঁ, তিনি ডায়মন্ডহারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর আজ, বুধবার সব প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ওই বৈঠকে তিনি থাকতে পারবেন না। মাঝরাতে বিমানবন্দরে দাঁড়িয়েই অভিষেক জানান আজ, বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডাকা সর্বদলীয় বৈঠকে থাকতে পারবেন না তিনি। কারণ কালীগঞ্জের উপনির্বাচন এবং একাধিক পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। তাই সেসব নিয়ে ব্যস্ত থাকবেন। অভিষেক যে প্রতিনিধিদলে ছিলেন তাঁরা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালোয়েশিয়া সফর করেছেন। বিরোধী দলের নেতা হয়েও বিদেশের মাটিতে বুঝিয়ে দিয়েছেন দেশ এক।

আরও পড়ুন:‌ পদ থেকে সরলেন রাজীব কুমার, রাজ্য পুলিশ ও সচিব স্তরে ব্যাপক রদবদল করল নবান্ন

এদিকে টানা ১৫ দিন ধরে মোট পাঁচটি দেশে ঘুরে ভারতের অবস্থান স্পষ্ট করেন তাঁরা। এই সফর নিয়ে প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য ছিল, ‘‌আমি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি। কেন্দ্রের শাসকদলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করতে এসেছি। এখানে আমি আমার জাতীয় আগ্রহের চেয়ে রাজনৈতিক আগ্রহকে বেশি গুরুত্ব দিতে পারি না।’‌ আর সেটাই বিদেশের মাটিতে তিনি করে দেখিয়েছেন। একাধিক দেশে ঠিক কী আলোচনা হয়েছে সেটা সবিস্তারে জানতেই আজ বিদেশমন্ত্রী বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে। অভিষেক সেই বৈঠকে না থাকার কথা বিদেশমন্ত্রীর কার্যালয়কে জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে এদিন অভিষেক জানান, পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচি আছে। আগামী ১৯ তারিখ কালীগঞ্জে উপনির্বাচন। তাই বেশ কিছু বৈঠকও আছে। এই কারণেই এখন সর্বদলীয় বৈঠকে যোগ দিতে পারছেন না তিনি। তবে সফরের উপলব্ধি চিঠিতে বিদেশমন্ত্রকে জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘‌এই বিদেশ সফরের কর্মসূচি নিয়ে আমার ব্যক্তিগত মতামত লিখিতভাবে স্পষ্ট জানাব কেন্দ্রীয় সরকারকে।’‌ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বেশ কয়েকটি দল সংসদে বিশেষ অধিবেশন চেয়েছেন এই সফরকে কেন্দ্র করে। যদিও তাতে এখনও সিলমোহর দেয়নি মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *