রাজ্যের মন্ত্রীর PA পরিচয়ে 'নীল বাতির গাড়ি ব্যবহার, পুলিশকেও হুমকি', ধৃত ১ - 24 Ghanta Bangla News
Home

রাজ্যের মন্ত্রীর PA পরিচয়ে ‘নীল বাতির গাড়ি ব্যবহার, পুলিশকেও হুমকি’, ধৃত ১

বিশিষ্ট ব্যক্তিদের আপ্তসহায়ক বা আত্মীয় পরিচয় দিয়ে প্রায়ই প্রতারণার অভিযোগ ওঠে। এবার রাজ্যের মন্ত্রী শশী পাঁজার আপ্তসহায়ক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল। আরও অভিযোগ, অভিযুক্ত নীলবাতির গাড়িতে করেই ঘুরে বেড়াত। আর এভাবেই দীর্ঘদিন ধরেই একাধিক এলাকায় প্রভাব খাটিয়ে আসছিল অভিযুক্ত। অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রাজ শংকর। উত্তর ২৪ পরগণার কদম্বগাছি ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: এবার রান্না হবে হাইড্রোজেনে! পাইপে বাড়ি বাড়ি গ্যাস পাঠানোর পরিকল্পনা বাংলায়

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত দত্তপুকুর থানা এলাকার বাসিন্দা। ওই এলাকার মানুষজন দীর্ঘদিন ধরেই রাজ শংকরের আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তবে নিজেকে একজন মন্ত্রীর পিএ পরিচয় দেওয়ায় তার বিরুদ্ধে সেভাবে মুখ খুলতে পারেননি স্থানীয়রা। আরও অভিযোগ, রাজ পুলিশ আধিকারিকদেরও একই পরিচয় দিয়ে হুমকি দিয়ে আসছিল। এছাড়া বিভিন্ন থানায় পুলিশকে ফোন করে বহু ক্ষেত্রে সুবিধা পাওয়ার চেষ্টা করছিল। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ পাচ্ছিল পুলিশ। অবশেষে বুধবার রাতে কদম্বগাছি এলাকায় দত্তপুকুর থানার পুলিশ নীল রঙের একটি চারচাকা গাড়ি-সহ রাজকে আটক করে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে জানা যায় সে ভুয়ো পরিচয় দিয়ে বেড়াচ্ছে। এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ। আরও অভিযোগ, হুমকি দেওয়ার পাশাপাশি ওই ব্যক্তি, মন্ত্রীর নাম ভাঁড়িয়ে বহু মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমনকী মন্ত্রীর নাম করে তার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগও সামনে আসছে। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে মন্ত্রী শশী পাঁজার কোনও সম্পর্কই নেই। অর্থাৎ ধৃত নিজেকে মন্ত্রীর পিএ বলে যে দাবি করে আসছে, তা ভুয়ো। ইতিমধ্যেই, কদম্বগাছি ফাঁড়ির পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। গ্রেফতারের পর ধৃতকে বারাসত আদালতে তোলা হয়। অভিযুক্ত ব্যক্তি কোন কোন এলাকায় কাদের সঙ্গে প্রতারণা করেছে, কত টাকা তুলেছে, সমস্ত তথ্য জানার জন্য গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। এ নিয়ে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *