জাল লটারির টিকিটে সর্বস্বান্ত কয়েক হাজার মানুষ, রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার পাঁচ - 24 Ghanta Bangla News
Home

জাল লটারির টিকিটে সর্বস্বান্ত কয়েক হাজার মানুষ, রঘুনাথগঞ্জ থেকে গ্রেফতার পাঁচ

Spread the love

এবার জাল লটারির টিকিট বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করছিল একটি চক্র। এই চক্র এসেছে ভিনরাজ্য থেকে। একটি নামী সংস্থার জাল লটারির টিকিট তারা বিক্রি করার কাজ করছিল বলে অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় জাল লটারির টিকিট বিক্রি করার কাজ চলছিল। এই অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে পাঁচজন। ধৃত জালিয়াতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তিন হাজারের বেশি জাল লটারির টিকিট। আর বেশ কয়েক হাজার নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, ধৃত জালিয়াতদের নাম মোজাহার শেখ, মিনারুল শেখ, আরজু শেখ, মনিরুল শেখ এবং সানিরুল শেখ। ধৃতদের বাড়ি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত নানা গ্রামে। আজ, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গাড়িঘর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। আর এই পাঁচজনকে গ্রেফতার করে। পশ্চিমবঙ্গে ডিয়ার লটারি অত্যন্ত জনপ্রিয়। এই সংস্থা রাজ্য সরকারকে যথাযথ রাজস্ব দিয়ে ব্যবসা করে। আর তাদের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ঝাড়খণ্ড এবং অন্য কয়েকটি জেলা থেকে একই নামের জাল লটারি টিকিট এনে বিক্রি করছিল বলে অভিযোগ। এই জাল লটারির টিকিট কিনে সর্বস্বান্ত হচ্ছেন মানুষজন।

আরও পড়ুন:‌ ‘‌টাকা, গাড়ি, মোবাইল দিন। দক্ষিণ কলকাতায় পদ নিন!’‌ বিজেপির পোস্টার পড়ল শহরে

স্থানীয় সূত্রে খবর, আসল টিকিট অনেকে কেটে ছিলেন। কিন্তু তার নম্বর মিলে গেলে যে অর্থ পুরস্কার বাবদ পাওয়ার কথা সেটা মিলছিল না। জাল টিকিটে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার অর্থ প্রথম পুরস্কার। এমন বলা হয়েছিল। তবে সেটা জাল তা বলা হয়নি। আসল টিকিটে পুরস্কার উঠলে ক্রেতা যে কোনও ডিলারের কাছে ওই টিকিট জমা করে পুরস্কারের অর্থ দাবি করতে পারেন। কিন্তু জাল টিকিটের ক্ষেত্রে যে টেবিলে টিকিট কাটেন ক্রেতা তাঁকে সেই টেবিলে গিয়েই পুরস্কারের দাবি জানাতে হয়। যদিও জাল টিকিট বিক্রেতাদেরকে অনেক বেশি কমিশন দেওয়া হয়। জাল টিকিট এখন বিক্রি হচ্ছিল রঘুনাথগঞ্জ, সুতি, সামশেরগঞ্জ থানার নানা এলাকায়।

রঘুনাথগঞ্জ থানা সূত্রে খবর, আজ গোপন সূত্রে খবর পেয়ে গাড়িঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। তখন ওখানে বসে কিছু যুবক জাল লটারির টিকিট বিক্রি করছিল। তাদের গ্রেফতার করা হয়। ধৃত যুবকদের পুলিশ হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এই বিষয়ে বলেন, ‘‌জাল লটারির টিকিটের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এই অসাধু কারবারিদের বিরুদ্ধে আমরা সমস্ত থানা এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছি।’‌

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *