আশাকর্মীদের ফোন দেওয়ার জন্য ৩ বছর আগে টাকা দিয়েছিল কেন্দ্র, দাবি শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

আশাকর্মীদের ফোন দেওয়ার জন্য ৩ বছর আগে টাকা দিয়েছিল কেন্দ্র, দাবি শুভেন্দুর

Spread the love

বুধবার রাজ্য বাজেটে রাজ্যের আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর চন্দ্রিমার এই প্রস্তাব নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য ৩ বছর আগে সমস্ত রাজ্যকে টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এতদিন সেই টাকার সুদ খাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি বলেন,আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা তৃণমূল স্তরে জনস্বাস্থ্য পরিকাঠামো এবং স্থানীয় মানুষের মধ্যে সেতুবন্ধন করেন। প্রতিটি মা এবং শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবাও তাঁরাই দেন। তাঁজের কাজকে সম্মান জানিয়েই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া ছাড়াও এক লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে। এই জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বাজেটে এই প্রস্তাবকে কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন, তিন বছর আগে স্মৃতি ইরানি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী থাকাকালীন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য সমস্ত রাজ্যকে টাকা দিয়েছিলেন। সেই টাকার এতদিন সুদ খেয়েছে রাজ্য সরকার। এবার কেন্দ্র টাকা ফেরত চেয়ে পাঠিয়েছে বলে ভোটের মুখে ফোন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই টাকার পুরোটাই কেন্দ্রের।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *