Weather Update: সরস্বতী পুজোয় কতটা ঠান্ডা থাকবে বাংলায়? জেনে নিন শীতের শেষবেলার আপডেট – Bengali News | Weather update: know the temperature, forecast for west bengal and kolkata
কলকাতা: সদ্য ‘ক্রিসমাস’ আর ‘নিউ ইয়ারে’র উদযাপনে মেতে থাকা বাঙালির মন এবার ছটফট করছে সরস্বতী পুজোর জন্য। হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২ ফেব্রুয়ারি সেই পুজোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন অনেকেই। সেদিন জমিয়ে খিচুড়ি খাওয়ার আগেই জানা গেল, আবহাওয়ার পূর্বাভাস। পুজোর দিন কতটা মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়তে পারবেন? সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
জানুয়ারি মাসটা কোনও রকমে কাটিয়ে দিয়েছে শীত। মাঝে মধ্যে দেখা মিললেও, একটানা ঠান্ডার প্রকোপ ছিল না খুব বেশি। এবার শেষবেলাতেও ধাক্কা। যাওয়ার আগেও ময়দানে নেমে বিশেষ কিছুই করতে পারবে না শীত। কারণ কাঁটা হয়ে দাঁড়াচ্ছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল, বুধবার থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। রাতে হালকা কিছু গায়ে চাপাতে হলেও দিনে ঠান্ডা থাকবে না বললেই চলে। আর আগামী রবিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন কার্যত উধাও হবে শীত। স্বাভাবিকের অনেকটা উপরে উঠে যাবে পারদ।
পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। দিনে আর ঠান্ডা আমেজ মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।