Stampede: আল্লু অর্জুনকে দেখার হিড়িক, পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত মহিলা, আশঙ্কাজনক ছেলে – Bengali News | Woman Died, her Son injured in Stampede at Pushpa 2 Screening in Hyderabad
পুষ্পা-২ প্রিমিয়ারে পদপিষ্ট মহিলা।Image Credit source: X
হায়দরাবাদ: পুষ্পা ২ ঘিরে তুঙ্গে উন্মাদনা। প্রথম দিনেই সিনেমা দেখতে ভিড় উৎসুক জনতার। আর সেখানেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। গুরুতর জখম তাঁর ৯ বছরের ছেলে। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেতা আল্লু আর্জুন। তাঁকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও, ভিড় এতটাই বেড়ে যায় যে সিনেমা হলের মেইন গেটও ভেঙে পড়ে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।
এরপরই হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান বছর পয়ত্রিশের ওই মহিলা। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই মহিলার সঙ্গে থাকা তাঁর ছেলেও গুরুতর আহত। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নাবালকের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।
২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় অংশ পুষ্পা ২। আজ, দেশজুড়ে ১০ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে এই সিনেমা। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা।
