Akhil Giri: মহিলা রাষ্ট্রপতির পর মহিলা ফরেস্ট অফিসার, ‘জানোয়ার, বেয়াদপ’ কিচ্ছু বাদ দিলেন না অখিল গিরি – Bengali News | Ramnagar TMC MLA minister Akhil Giri again in controversy threaten female forest official
পূর্ব মেদিনীপুর: অখিল গিরি আছেন নিজের অখিলেই। দেশের রাষ্ট্রপতি সম্পর্কে অপ্রীতিকর মন্তব্য করে ঝড় তুলেছিলেন দেশজুড়ে। এবার মহিলা বনাধিকারিক বা ফরেস্ট অফিসারকে ভরা রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো হুমকি রামনগরের তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরির। তাজপুরে হকার উচ্ছেদে গিয়েছিলেন ফরেস্ট অফিসার মনীষা সাউ। সেখানেই রাজ্যের একজন মন্ত্রীর হুমকির মুখে পড়তে হয় মহিলা আধিকারিককে। সরকারি আধিকারিককে ‘বেয়াদপ’, ‘জানোয়ার’ বলেন অখিল।
অবৈধভাবে বনদফতরের জায়গায় দোকান বা ঘর গজিয়ে ওঠার অভিযোগ ওঠে তাজপুরে। অভিযোগ, বনদফতরের জায়গায় আগে থেকেই কয়েকটি দোকান ছিল। সম্প্রতি সমুদ্রের গ্রাসে চলে যায় সেগুলি। শুক্রবার রাতে নতুন করে বনদফতরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা। তখনই বনদফতর বাধা দিতে গেলে ঘটনাস্থলে যান রামনগরে বিধায়ক অখিল গিরি।
অভিযোগ, সেখানে গিয়েই অখিল গিরি বলেন, “ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন। বেশিদিন থাকতে পারবেন না। আপনার আয়ু ৭-৮ দিন, ১০ দিন। আমি আপনাকে বলছি। সে বিট অফিসার টফিসার, আমি জানি ফরেস্টের কী কাজ হয়। কত বড় দুর্নীতি আমরা সব জানি। বিট অফিসারের বিরুদ্ধে কী আছে আমি সব জানি। আমি কিন্তু সব ফাঁস করে দেব বিধানসভায়। আপনি আমাকে চেনেন না।”
পাল্টা ওই বনাধিকারিক বলেন, “আমার তো কারও সঙ্গে শত্রুতা নেই। আপনার সঙ্গেও নেই, ওদের সঙ্গেও নেই।” এরপর আবারও আঙুল নাচিয়ে অখিল গিরি বলেন, “২৫ ফুট আমরা নিলাম। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। বেশি কথা বলবেন না আপনি একদম। এরকম জানোয়ার, বেয়াদপ রেঞ্জার আসেনি কখনও।” রাজ্যের একজন মন্ত্রীর এমন হুমকি-হুঁশিয়ারির ভিডিয়ো সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। একজন মন্ত্রী একজন মহিলা সরকারি আধিকারিককে হুঁশিয়ারি দিচ্ছেন, সমালোচনা করছে সমস্ত মহল।