Lok Sabha Exit Poll 2024: রাজমাতাকে পিছনে ফেলে কৃষ্ণনগর কি ধরে রাখতে পারবেন মহুয়া? – Bengali News | Lok sabha election exit poll 2024 Mahua Moitra or Rajmata Amrita Roy who win in krishnanagar
কৃষ্ণনগর: অভিযোগ, শাস্তি, সন্দেহ- সবকিছু নস্যাৎ জনগণের রায়ে! কৃষ্ণনগর কেন্দ্রে ফের জয়ী হতে চলেছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিজেপি প্রার্থী অমৃতা রায়কে পরাজিত করে ফের জনগণের রায়ে সংসদে যাবেন মহুয়া। টিভি৯ নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষায় এমনই রিপোর্ট উঠে এসেছে।
গোপন তথ্য ফাঁস ও টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সংসদ থেকে বরখাস্ত হয়েছিলেন মহুয়া মৈত্র। যদিও এটা কেন্দ্রের শাসকদলের চক্রান্ত বলে পাল্টা দাবি জানান মহুয়া-সহ তৃণমূল নেতৃত্ব। লোকসভার বিরোধী দলনেতা তথা বাংলার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী থেকে সমগ্র বিরোধী শিবিরও মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন। মেয়াদ ফুরানোর আগে তাঁকে সংসদ থেকে বের করা হলেও ফের জনগণের আশীর্বাদ নিয়ে মহুয়া মৈত্র সংসদে ফিরে আসবেন বলে দাবি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে টিভি৯ নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে তাঁর সেই ভবিষ্যদ্বাণীই সফল হতে চলেছে।
লোকসভা ভোটের দামামা বাজার আগে থেকেই কৃষ্ণনগর কেন্দ্র কার্যত দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। সরাসরি না হলেও মহুয়া মৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করার ইস্যুকে কেন্দ্র করে অনেক আগেই ময়দানে নেমে পড়েছিল তৃণমূল। পাল্টা মহুয়াকে ধরাশায়ী করতে একাধিক অভিযোগে সরব হয় বিজেপি। মহুয়াকে টক্কর দিতে কৃষ্ণনগরবাসীর আবেগ উস্কে দিয়ে রাজমাতাকে প্রার্থী করে গেরুয়া শিবির। কিন্তু, তারপরেও শেষ হাসি মহুয়াই হাসতে চলেছে বলে বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট বলছে। তবে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ জুন।