Ravichandran Ashwin: সেঞ্চুরি টেস্টে ওয়ার্ন-মুরলীর রেকর্ডে ভাগ বসালেন অশ্বিন – Bengali News | Ravichandran Ashwin took most wicket in 100th Test Match and he broke Shane Warne record
কলকাতা: ক্রিকেট মহলে কান পাতলেই এখন টিম ইন্ডিয়ার জয়জয়কার। ৫ দিনের ম্যাচ শেষ আড়াই দিনে। ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংস ও ৬৪ রানে জিতেছে ভারত। সেই সঙ্গে টিম ইন্ডিয়া সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। ধরমশালা টেস্ট ভারতীয় টিমের জন্য যেমন স্পেশাল, তেমনই রবিচন্দ্রন অশ্বিনের জন্য বিশেষ। ৭ এবং ৯ মার্চ এই দুটো দিন ভারতের সিনিয়র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) ক্রিকেট কেরিয়ারের বিশেষ দিন। ৭ মার্চ ১০০তম টেস্ট খেলার নজির গড়েন অশ্বিন। আর ৯ মার্চ তিনি শততম টেস্টে ফাইফার (৫ উইকেট) নেন। সেঞ্চুরি টেস্টে (100th Test) সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দিক থেকে কত নম্বরে রয়েছেন অশ্বিন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১০০তম টেস্ট ম্যাচে সর্বাধিক উইকেট নিয়েছেন যে ৫ বোলার…
- শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন ১০০তম টেস্টে ৯টি উইকেট নিয়েছিলেন।
- ভারতের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন ১০০তম টেস্টে ৯টি উইকেট নিয়েছেন।
- অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন তাঁর ১০০তম টেস্টে ৮টি উইকেট নিয়েছিলেন।
- ভারতীয় কিংবদন্তি কপিল দেব তাঁর সেঞ্চুরি টেস্টে ৭টি উইকেট নিয়েছিলেন।
- ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে নিজের ১০০তম টেস্টে ৭টি উইকেট নিয়েছিলেন।
রবিচন্দ্রন অশ্বিন ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪টি উইকেট। তারপর দ্বিতীয় ইনিংসে নেন ৫টি উইকেট। আপাতত ১০০টি টেস্টে অশ্বিনের ঝুলিতে রয়েছে মোট ৫১৬টি উইকেট। ১০০তম টেস্টে মোট ৯টি উইকেট নিয়ে শেন ওয়ার্নকে টপকে গিয়েছেন অশ্বিন। কারণ, নিজের ১০০তম টেস্টে শেন ওয়ার্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮টি উইকেট নিয়েছিলেন। মুরলীকে অবশ্য ছাপিয়ে যেতে পারেননি অশ্বিন। কারণ, বাংলাদেশের বিরুদ্ধে নিজের ১০০তম টেস্টে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনও ৯টি উইকেট নিয়েছিলেন। ফলে শততম টেস্টে একদিকে ওয়ার্নকে ছাপিয়ে যেমন গিয়েছেন অশ্বিন, তেমন মুরলীর সঙ্গে একাসনে বসেছেন।