Saree Shop: একটাও শাড়ি পছন্দ হচ্ছে না বউয়ের, দোকানদারকে বেধড়ক মার যুবকের – Bengali News | Shop keeper of a Saree shop in Karnataka beaten as wife did not like sarees
CCTV ফুটেজ থেকে পাওয়া ছবিImage Credit source: TV9 Network
কর্নাটক: একের পর এক শাড়ি বের করছেন দোকানদার। মহিলার পছন্দ হচ্ছে না একটাও। স্ত্রীর শাড়ি পছন্দ হচ্ছে না দেখে দোকানদারকেই গালাগালি দেওয়া শুরু করলেন স্বামী। তারপর শুরু হল মারধর। কাণ্ড দেখে অবাক দোকানে উপস্থিত প্রত্যেকে। দোকানদারের দোষ টা কী? বউ-এর পছন্দের শাড়ি কেন রাখা হয়নি দোকানে? এটাই অভিযোগ।
কর্নাটকের উত্তর কন্নড় জেলার ঘটনা। স্ত্রীকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে দোকানে গিয়েছিলেন এক যুবক। রবিবার সন্ধ্যায় উত্তর কন্নড়ের সিরাসি বাজারে যান তাঁরা। দোকানের মালিক প্রকাশ প্যাটেল জানিয়েছেন, অভিযুক্ত যুবকের স্ত্রীর কোনও শাড়িই পছন্দ হচ্ছিল না। দোকানের সব সেরা শাড়িগুলোই বের করেছিলেন তিনি।
কেন স্ত্রীর পছন্দের শাড়ি রাখেননি দোকানদার? এটাই ছিল যুবকের অভিযোগ। এই অভিযোগে প্রথমে শুরু হয় গালিগালাজ। প্রথমে দোকানের কর্মীদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। তাতে প্রতিবাদ জানান কর্মীরা। এরপর শুরু হয় মারধর। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়। দোকানের মালিক প্রকাশ প্যাটেলও ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ বের করে পুলিশের কাছে জমাও দিয়েছেন তিনি।
অভিযুক্তের নাম মহম্মদ। পুলিশ জানিয়েছে, তিনি শিরসির নেহেরু নগরের বাসিন্দা। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্ত ও তাঁর সঙ্গীদের।