Sandeshkhali: ‘মুখ খুললে গুজরাট পাঠিয়ে দেব’, সেতু-জল চাইলেই হুমকির অভিযোগ বেড়মজুরবাসীর – Bengali News | Bdo take initiative for new bridge in barmajur sandeshkhali
এই ভাঙা ব্রিজ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ গ্রামবাসীর। Image Credit source: TV9 Bangla
সন্দেশখালি: অবশেষে নতুন সাঁকো ঝুপখালিতে। বেড়মজুর বটতলায় তৈরি হল বিকল্প সেতু। বিপজ্জনক কাঠপোল দেখিয়ে উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঝুপখালির আন্দোলনকারীরা। ভাঙা কাঠপোলে কার্যত পড়ে গিয়েছিলেন সন্দেশখালি-২ ব্লকের বিডিও। মঙ্গলবার থেকে জেলা প্রশাসনের তরফে তৈরি হল বিকল্প সেতু।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিপজ্জনক কাঠপোল হোক বা এবড়ো-খেবড়ো রাস্তা। বেঁচে থাকার ন্যূনতম চাহিদা পূরণেও মুখ খোলার উপায় ছিল না বেড়মজুরের ঝুপখালির বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, মুখ খুললেই হাতে টিকিট ধরিয়ে গুজরাত পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন বেড়মজুর দু’নম্বর পঞ্চায়েতের নেতা।
মঙ্গলবার ঝুপখালির বিপজ্জনক সেতু বাতিল করে পারাপারের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু করেছে প্রশাসন। তিন সপ্তাহের মধ্যে পাকাপোলের কাজও শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। ঝুপখালির মহিলারা বলছেন, আন্দোলন হয়েছে বলেই সেতু তৈরির কাজ শুরু হল। রাস্তা, পানীয় জলের মতো এলাকায় সমস্যা বিস্তর। সে সবের জন্যও আন্দোলনই পথ বলে মনে করছেন ঝুপখালির বাসিন্দারা।
তৈরি হচ্ছে নতুন সেতু।
বেড়মজুর এলাকার এই কাঠপোলটি বটতলা কাঠপোল হিসাবে পরিচিত। ঝুপখালির বাসিন্দারা এই কাঠপোল ধরেই পারাপার করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই কাঠপোল বিপজ্জনক অবস্থায় পড়েছিল দীর্ঘদিন ধরে। সম্প্রতি প্রশাসনিক কর্তারা এ গ্রামে ঢুকতেই এই কাঠপোল দেখিয়ে উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০-২৫ বছর ধরে এভাবে পড়েছিল ব্রিজ। পোল তৈরিতে হাত লাগিয়েছেন, এমন এক স্থানীয় বাসিন্দার কথায়, “বিডিও সাহেব পোল পার করতে গিয়ে পড়ে যান। এখানে মহিলারা আন্দোলনও করেন। এরপরই বিডিও সাহেব বাঁশ পাঠিয়ে দিয়েছেন। কয়েক দিন অস্থায়ী সেতু থাকবে। এরপর পাকাপাকি সেতু হবে।”