Partha Chatterjee: ‘শিক্ষামন্ত্রীর জন্য জেলে বইটই কিনছেন তো?’ প্রশ্ন MLA-র, ‘এটা তামাশার জায়গা নয়’, ফেটে পড়লেন স্পিকার – Bengali News | Joke about jailed education minister. Assembly Speaker Biman Banerjee angry at BJP MLA’s question
কলকাতা: জেলবন্দি শিক্ষামন্ত্রীকে নিয়ে ‘তামাশা’। বিজেপির বিধায়কের প্রশ্নে ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের শেষলগ্নে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী কারা মন্ত্রী অখিল গিরির উদ্দেশে প্রশ্ন করেন, “দুর্ভাগ্যবশত আমাদের সতীর্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন। জেলে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেন? বইটই কেনা হচ্ছে?”
অশোক লাহিড়ী এ প্রশ্ন করতেই হাসিতে ফেটে পড়েন বিজেপির অন্যান্য বিধায়করা। তখনই তড়িঘড়ি হস্তক্ষেপ করেন স্পিকার। তিনি বলেন, “এটা তামাশা করার জায়গা নয়, উনি পড়তে চাইলে, বইয়ের ব্যবস্থা হবে।” তবে একইসঙ্গে স্পিকার এও জানিয়ে দেন, এই প্রশ্ন গৃহীত হবে না। বিধানসভার রেকর্ডে এটা থাকবে না স্পষ্ট বলে দেন স্পিকার। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে বই দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বই পেয়েওছিলেন তিনি। এমনিতে জেলের লাইব্রেরি রয়েছে, সেখান থেকে বই পান বন্দিরা।
প্রসঙ্গত, এদিনই আবার কয়েদিদের পড়াশোনা নিয়ে একগুচ্ছ তথ্য পেশ করেন কারা মন্ত্রী। অখিল জানান, জেল থেকেই এবার দু’জন কয়েদি মাস্টার ডিগ্রি পেয়ে গিয়েছেন। সার্টিফিকেট কোর্সের জন্য ৪৪ জন পরীক্ষার্থী ছিল। ২৪ জন পাস করেছেন। স্নাতকে ১১ জন পরীক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে ২ জন পাশ করেছেন। কারামন্ত্রী অখিল গিরি জানান, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় এরকম বহু জেলবন্দি পড়াশোনার জন্য ভর্তি হয়েছেন। বন্দিদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে একাধিক উদ্যোগও নিচ্ছে কারা দফতর। এও জানানো হয় কয়েদিদের জন্য উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে কয়েদিদের মধ্যে সার্টিফিকেট কোর্সে ভর্তির আগ্রহ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে যাচ্ছে বলে জানাচ্ছেন অখিল।