বলিউডে পা দিয়েই বাজিমাত মোনালিসার, জানেন কুম্ভের ভাইরাল কন্যার নায়ক কে? – Bengali News | Maha kumbh viral girl monalisas bollywood debut will be opposite actor rajkummar raos brother
টিভি নাইন বাংলা ডিজিটালই সবার প্রথমে জানিয়ে ছিল, যে মহাকুম্ভের ভাইরালকন্যা ধূসর চোখের মোনালিসা বলিউডে দিচ্ছেন পা। পরিচালক সানোজ মিশ্রর নতুন ছবি ‘দ্য মণিপুর ডায়ারি’তেই তাঁকে দেখা যাবে। আর এবার খবর হল, মোনালিসার বিপরীতে দেখা যাবে বলিউডের নামকরা অভিনেতাকে। জানেন কে?
প্ল্যান ছিল মহাকুম্ভে পৌঁছে মালা বিক্রি করবেন। সংসার চালানোর জন্য রোজগার করবেন টাকা। কিন্তু মহাকুম্ভের ভাইরালকন্যা মোনালিসার ললাটে অন্য কাহিনিই লিখে রেখেছিলেন ঈশ্বর। আর সেই কাহিনির নিয়ম মেনেই, একে একে ঘটতে শুরু করল ঘটনা। প্রথমে ব্লগারের হাত ধরে ভাইরাল হওয়া। পরে সেই ভাইরাল হওয়ার কারণে মেকওভার। তারপর আরও ভাইরাল। আর এবার সোজা কুম্ভ থেকে বলিউডে পা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মহাকুম্ভের সেই ধূসর চোখের মোনালিসাকে এবার দেখা যাবে বলিউডের পর্দায়। বলিউড ছবির পরিচালক সানোজ মিশ্র, মোনালিসাকে নায়িকা বানিয়ে তৈরি করতে চলেছেন, তাঁর নতুন ছবি ‘মণিপুর ডায়ারিজ’।
মোনালিসার বয়স মাত্র ১৬। মা-বাবা, তুতো ভাইবোনদের নিয়ে ইন্দোরে খুবই নিম্নবিত্ত সংসার তাঁর। একটু ভাল রোজগারের আশায় মহাকুম্ভে বোনদের সঙ্গে মালা বিক্রি করতে এসেছিলেন মোনালিসা। কিন্তু মালা বেচা তো দূর অস্ত, ধূসর চোখ, সুন্দর মুখশ্রীর কারণে রাতারাতি সোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠলেন মোনালিসা। প্রথম প্রথম বিষয়টা উপভোগই করছিলেন মোনালিসা। কিন্তু পরের দিকে ব্লগার, সংবাদমাধ্যমের দৌরাত্মে রীতিমতো বিরক্ত তিনি। মালা বিক্রি এতটাই কমতে থাকল যে, দুশ্চিন্তায় কেঁদেই ফেলেছিলেন তিনি। মোনালিসার সেই ভিডিও হয়েছিল ভাইরাল। আর এবার সেই মোনালিসার ঝুলিতেই বলিউড ছবির অফার।
এই খবরটিও পড়ুন
সূত্রের খবর, সানোজ মিশ্রর দ্য মণিপুর ডায়ারিজ ছবিতে মোনালিসার বিপরীতে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওয়ের ভাই অমিত রাওকে। তবে এখনই এই ছবি নিয়ে বিস্তারিত জানতে নারাজ ছবির টিম।
টিভি নাইন বাংলা ডিজিটালকে সানোজ জানিয়ে ছিলেন, ”আমার পরবর্তী ছবি মণিপুর ডায়ারিজ। এই ছবিতে মোনালিসা সেকেন্ড লিড। এই চরিত্রের জন্য আমি ঠিক যেমন মেয়ে চেয়েছিলাম, মোনালিসা একেবারেই তাই। মহাকুম্ভ স্নানে অংশ নেওয়ার পাশাপাশি, মোনালিসা ও তাঁর পরিবারের সঙ্গে ছবি নিয়ে কথা বলব। মোনালিসা কিন্তু ছবিতে অভিনয় করতে ইচ্ছেপ্রকাশ করেছেন। তিন থেকে চারমাস ওয়ার্কশপ করতে হবে। আসলে আমার অন্যান্য কাস্ট তৈরি। মার্চ মাস থেকেই ছবির শুটিং শুরু। তবে ওকে তৈরি করেই ক্যামেরার সামনে আনব।”