Jogesh Chandra Chaudhuri College: নিজের কলেজেই সরস্বতী পুজোয় বাধা? ব্রাত্যর কাছে রিপোর্ট চাইলেন মমতা – Bengali News | CM Mamata banerjee Asked report from education minister bratya basu regarding Jogesh Chandra Chaudhuri College saraswati pujo
ব্রাত্যর থেকে রিপোর্ট চাইলেন মমতাImage Credit source: Facebook
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোতে বাধার অভিযোগ তৃণমূল যুবর এক নেতার বিরুদ্ধে। এবার সেই ঘটনায় বিরক্তি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে রিপোর্ট তলব করেছেন তিনি। সূত্রের খবর, সেই রিপোর্ট জমাও দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
জানা যাচ্ছে, কলেজের অধ্যক্ষের সঙ্গেও এই বিষয়ে একাধিকবার কথা বলেছেন শিক্ষামন্ত্রী।সুষ্ঠ ভাবে পুজো পরিচালনা করতে রবিবার কলেজে যাবেন খোদ শিক্ষামন্ত্রী। পুজোয় অংশগ্রহণ করবেন। মূলত, দু’টি পুজো নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। একটি যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ অন্যটি হল যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ। তবে সব সমস্যা কাটিয়ে রবিবার দুটি পুজো হচ্ছে বলে খবর।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,”দু’একটা জায়গায় সমস্যা হলেও হতে পারে। এর মধ্যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে আমি যাব। আমার সঙ্গে প্রিন্সিপালের কথা হয়েছে। সাংসদ মালা রায়ের সঙ্গে কথা হয়েছে। পুজো নিশ্চিন্তে হবে। কোথাও কোনও সমস্যা নেই।” প্রসঙ্গত উল্লেখ্য়, সম্প্রতি যোগেশ চন্দ্র চৌধুরি ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র নেতা সাব্বির আলির বিরুদ্ধে। পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এরপরই চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা। লিখিত অভিযোগ দায়ের হয় অধ্যক্ষের কাছেও। এরপরই এই ঘটনায় হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
