Bankura: লেডিজ হস্টেলে দুষ্কৃতী প্রবেশ, হুঁশ ফিরল বাঁকুড়া মেডিক্যাল কলেজের – Bengali News | Bankura Miscreants entered the ladies hostel, Bankura Medical College regained consciousness
বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলImage Credit source: TV9 Bangla
বাঁকুড়া: মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলে রাতের অন্ধকারে দুষ্কৃতী ঢুকতেই নড়েচড়ে বসল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সরেজমিনে ঘটনাস্থলে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। জোর দেওয়া হল নিরাপত্তায়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলে সোমবার রাতের অন্ধকারে পাঁচিল টপকে ঢুকে পড়ে দুষ্কৃতী। অভিযোগ উঠতেই, তড়িঘড়ি হস্টেলে গিয়ে নিরাপত্তার ফাঁক ফোঁকর খতিয়ে দেখলেন জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা ও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হল বিভিন্ন পদক্ষেপও।
বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলের নিরাপত্তার গাফিলাতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব আবাসিকরা। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর খুনের আবহেই সোমবার রাত আড়াইটা নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলে পাঁচিল টপকে এক দুষ্কৃতী ঢুকে পড়ে হস্টেল চত্বরে। বিষয়টি এক আবাসিক ছাত্রীর নজরে পড়ে যাওয়ায় ওই দুষ্কৃতী পালিয়ে যায়। এই ঘটনার পর নতুন করে মঙ্গলবার লেডিজ হস্টেলের নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সোচ্চার হন আবাসিক চিকিৎসক পড়ুয়ারা। এরপরই নড়েচড়ে বসে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও বাঁকুড়া জেলা পুলিশ।
মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু নিজে হস্টেলে হাজির হয়ে হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। হস্টেল চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখেন জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরাও। তড়িঘড়ি লেডিজ হস্টেল চত্বরে শুরু হয় আলো মেরামতির কাজ। নতুন করে সিসি ক্যামেরা বসানোর কাজও শুরু হয়। লেডিজ হস্টেলের সীমানা পাঁচিলের উপর কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগও নেওয়া হয়। লেডিজ হস্টেল চত্বর এবং লেডিজ হস্টেল থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তায় রাতে পুলিশের নজরদারি বৃদ্ধির নির্দেশও দেওয়া হয়। দেরিতে হলেও মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলের নিরাপত্তার ফাঁক পূরণ করতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ এগিয়ে আসায় খুশি আবাসিকরা।