Crime Case-Kolkata: রক্তে ভেসে যাচ্ছে গোটা দেহ, খাস কলকাতার বুকে ভয়াবহ ঘটনা – Bengali News | Throat slit, one dead body recovered from a house at kareya PS area, Kolkata
কলকাতা: শহরের বুকে ফের ভয়াবহ ঘটনা। রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কলকাতার কড়েয়া থানা এলাকায়। একটি বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল যুবকের দেহ। রাতের অন্ধকারে কেউ বা কারা তাঁকে ঘরে ঢুকে খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুরু হয়েছে তদন্ত। এলাকার সব সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
মৃতের নাম সামসের আলি। কড়েয়া থানা এলাকার সামসুল হুদা রোডের কাশিয়াবাগান মাঠ সংলগ্ন এলাকায় বাড়ি ওই ব্যক্তির। তিনি পেশায় ঠিকা কনট্রাক্টর ছিলেন। তাঁর পরিবার অদূরেই একটি পৃথক বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে আলাদা বাড়িটিতে একা ছিলেন সামসের আলি।
শুক্রবার সকালে তাঁর কোনও সাড়া না পেয়ে খোঁজ করতে যান তাঁরা স্ত্রী। ওই বাড়িতে গিয়ে দেখেন, বাইরে থেকে তালা দেওয়া। তা দেখেই সন্দেহ হয় তাঁর। এরপর লোকজন ডেকে দরজা ভাঙা হলে ভিতরে প্রবেশ করে চমকে যান সবাই। বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল যুবকের দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কড়েয়া থানার পুলিশ ও হোমিসাইড শাখার তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, গলায় ধারাল অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। আশপাশের লোকজন কেউ কিছু বুঝতে পারলেন না কেন, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। তাই পুলিশের সন্দেহ, পরিচিত কেউ বা কারা ওই ব্যক্তির ওপর হামলা চালিয়ে থাকতে পারে।