BJP: রেল লাইন থেকে উদ্ধার দলীয় কর্মীর ক্ষতবিক্ষত দেহ, রহস্যের গন্ধ পাচ্ছে বিজেপি – Bengali News | Wounded body of party worker rescued from railway line, BJP is smelling mystery
নলহাটি: বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে শোরগোল নলহাটিতে। মৃতের নাম প্রদীপ মাল। পেশায় ছিলেন টোটো চালক। তাঁর বাড়ি বীরভূমের নলহাটি থানার পাইকপাড়া গ্রামে। এদিন নলহাটি-চাতরা রেল ষ্টেশনের মাঝে পাইকপাড়া গ্রামের কাছে রেল লাইনের উপর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ট্রেন ধাক্কায় মৃত্যু নাকি অন্য কোনও কারণে ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকার রাজনৈতিক মহলে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে রোজকার মতো বাড়ি থেকে টোটো নিয়ে বের হন। তারপর আর বাড়ি ফেরেননি। এরইমধ্যে খবর আসে গ্রামের পাশেই রেল লাইনের মধ্যে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। খবর যায় পুলিশের কাছে। আসে রেল পুলিশ। তাঁরাই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এই খবরটিও পড়ুন
এদিকে দলীয় কর্মীর মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা। খবর পেয়ে তিনিও ছুটে যান ঘটনাস্থলে। তিনি জানাচ্ছেন, লোকসভা নির্বাচনের কিছুদিন আগে এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা হয়েছিল প্রদীপের। তাই আচমকা তাঁর মৃত্যুতে রাজনীতির যোগ রয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। স্পষ্টতই বলছেন, গোটা ঘটনাই সন্দেহজনক। গোটা ঘটনার তদন্তের দাবিও তুলেছেন তিনি। ঘটনা কেন্দ্র করে এলাকায় চলছে চাপানউতোর।