পাক অধিকৃত কাশ্মীরে মসজিদ নির্মাণ ঘিরে উদ্বেগ, জঙ্গি ঘাঁটি তৈরির আশঙ্কা ভারতের - 24 Ghanta Bangla News
Home

পাক অধিকৃত কাশ্মীরে মসজিদ নির্মাণ ঘিরে উদ্বেগ, জঙ্গি ঘাঁটি তৈরির আশঙ্কা ভারতের

Spread the love


ইসলামাবাদ: পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ একাধিক মসজিদ নির্মাণ ও পুরনো মসজিদ সম্প্রসারণের কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানের…

ইসলামাবাদ: পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ একাধিক মসজিদ নির্মাণ ও পুরনো মসজিদ সম্প্রসারণের কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে পিওকে-র সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলির পাশে অন্তত এক ডজনেরও বেশি জায়গায় এই নির্মাণকাজ চলছে। সামরিক পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি এই তৎপরতা বাড়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন আধিকারিকরা।

সূত্রের দাবি, নতুন মসজিদ তৈরি এবং মসজিদ চত্বরের পরিসর বাড়ানোর কাজ একাধিক সংযোগপথে চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামাবাদ-মুর্রি-কোহালা-মুজফ্ফরাবাদ সড়ক, যা পিওকে-তে প্রবেশের অন্যতম প্রধান পথ। এ ছাড়া মুজফ্ফরাবাদ-মানসেহরা-অ্যাবটাবাদ রুট, মুজফ্ফরাবাদ থেকে নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র কাছে চকোঠি যাওয়ার রাস্তা এবং দক্ষিণ পিওকে-র রাওয়ালকোট-আজাদ পাটন, কোটলি-কাহুটা, মিরপুর-দিনা ও ভিম্বর-গুজরাট সড়কের পাশেও নির্মাণের খবর পেয়েছে সংস্থাগুলি।

ভারতীয় আধিকারিকদের একাংশের আশঙ্কা, এই মসজিদ চত্বরগুলির কয়েকটি ভবিষ্যতে জঙ্গি সংগঠনগুলির ছোট ছোট সাংগঠনিক ঘাঁটি বা উপ-সদর দফতর হিসেবে ব্যবহৃত হতে পারে। তাঁদের মূল্যায়ন, অতীতে একটি বড় ঘাঁটিতে সংগঠনের সদস্য, রসদ ও অন্যান্য পরিকাঠামো কেন্দ্রীভূত থাকত। নতুন পরিকল্পনায় সেগুলি বিভিন্ন ছোট জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। তাতে নজরদারি ও হামলা চালানো কঠিন হবে, পাশাপাশি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত এবং রসদ সরবরাহও সহজ হতে পারে বলে আশঙ্কা।

অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ও পিওকে-তে জঙ্গি পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের হামলার প্রসঙ্গও সামনে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, ২০২৫ সালের ৭ মে পহেলগাঁও হামলার পর ওই অভিযানে পাকিস্তান ও পিওকে-র ন’টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছিল। বাহাওয়ালপুর ও মুরিদকের মতো জায়গায় থাকা ঘাঁটিও সেই হামলার লক্ষ্য ছিল। মুরিদকের ঘাঁটিকে লস্কর-ই-তইবার সঙ্গে এবং বাহাওয়ালপুরের পরিকাঠামোকে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলে দাবি করে ভারত।

তবে নতুন নির্মাণগুলির সঙ্গে জঙ্গি কার্যকলাপের সরাসরি যোগের বিষয়টি এখনও গোয়েন্দা সংস্থাগুলির আশঙ্কা ও মূল্যায়নের পর্যায়েই রয়েছে।

PoK-তে বিক্ষোভ দমনে রকেট হামলা! গুলিতে ঝরল ১৮ প্রাণ, মৃত ৪ শিশু

ছাঁটাই নয়, স্বেচ্ছাবসরের প্রস্তাব! ফ্রান্সে কর্মীদের বিশেষ প্যাকেজ দিচ্ছে মেটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *