PoK-তে বিক্ষোভ দমনে রকেট হামলা! গুলিতে ঝরল ১৮ প্রাণ, মৃত ৪ শিশু - 24 Ghanta Bangla News
Home

PoK-তে বিক্ষোভ দমনে রকেট হামলা! গুলিতে ঝরল ১৮ প্রাণ, মৃত ৪ শিশু

Spread the love


ইসলামাবাদ: পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে বিক্ষোভকারীদের লক্ষ্য করে রকেট হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার ভোরের এই ঘটনায় অন্তত ১৮…

ইসলামাবাদ: পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে বিক্ষোভকারীদের লক্ষ্য করে রকেট হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। শুক্রবার ভোরের এই ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, সস্তায় খাবার এবং উন্নত শিক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাঁরা। গত জুন মাস থেকে এই বিক্ষোভ চলছে। সেই আন্দোলন দমন করতেই নিরাপত্তা বাহিনী বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোরে রাওয়ালকোট বাস টার্মিনালের কাছে কয়েকশো মানুষ জমায়েত হয়েছিলেন। প্রার্থনা শেষ করে তাঁরা কাছের একটি চত্বরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই তাঁদের লক্ষ্য করে RPG-7 রকেট ছোড়া হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন উপস্থিত মানুষজন।

এর পরেই পাকিস্তান রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কোর এবং পুলিশের বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ মাটিতে লুটিয়ে পড়েন। কয়েকটি এলাকায় ড্রোন হামলা এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ১৮ জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে চার শিশু রয়েছে।

ঘটনার পর রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছেন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির নেতা উমর নাজির। সংবাদমাধ্যমের সামনে রকেটের ধ্বংসাবশেষ দেখিয়ে তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, সেনাপ্রধানের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।

তবে এই ঘটনার পরেও সরকারের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে নারাজ আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সেনাপ্রধানকে এই ঘটনার জবাব দিতে হবে। এ দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রাওয়ালকোটের একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। টেলিফোন নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

ব্লু ওয়েভে ভাসছে আমেরিকা! ১৯৭৪ সালের পর সবচেয়ে বড় জয়ের পথে ডেমোক্র্যাটরা

ছাঁটাই নয়, স্বেচ্ছাবসরের প্রস্তাব! ফ্রান্সে কর্মীদের বিশেষ প্যাকেজ দিচ্ছে মেটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *