হ্যালোউইনে রক্তাক্ত আমেরিকা, দেশ জুড়ে বন্দুকবাজদের হামলায় নিহত অন্তত ৬, জখম বহু
সপ্তাহান্তে হ্যালোউইন উৎসবের মধ্যে আমেরিকা জুড়ে পর পর শ্যুটআউট। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বিভিন্ন শহর মিলিয়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। জখম বহু।
সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে ডালাসে। সেখানে গানবাজনা, রেস্তোরাঁ ও নৈশভোজের জন্য বিখ্যাত ‘ডিপ এলাম’ এলাকায় বন্দুকবাজের গুলিতে ৪ জন নিহত হন। জখম অন্তত ১৫ জন। ডালাসের পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানান, শনিবার রাতে প্রায় সওয়া এক ঘণ্টা ধরে তিনটি পৃথক জায়গায় গুলি চলার ঘটনা ঘটেছে। যদিও তিনটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ড্যানিয়েল বলেন, ‘আমরা ইতিমধ্যেই কয়েক জনকে গ্রেপ্তার করেছি। ওদের জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার সঙ্গে ওরা কী ভাবে যুক্ত, তা বোঝার চেষ্টা চলছে।’