Amit Shah on Rahul Gandhi: ‘বিজেপি প্রস্তুত’, কংগ্রেসের ‘পাবলিক ইমপিচমেন্টের’ আগেই রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ শাহের | Amit Shah’s challenge to Rahul Gandhi and Akhilesh Yadav before public impeachment
নয়া দিল্লি: এসআইআর বিতর্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে পাবলিক ইমপিচমেন্ট আনার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। শনিবার পাবলিক ইমপিচমেন্টের কর্মসূচি রয়েছে কংগ্রেসের। তার আগেই কংগ্রেসকে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে শাহের প্রস্তাব, সংসদে বিশেষ অধিবেশনে এই বিষয়ে বিতর্ক হোক।
উত্তরপ্রদেশের লখনউতে বিজেপির বৈঠকে শাহ বলেন, “আপনাদের দু’জনকে এখানই চ্যালেঞ্জ জানাচ্ছি, বিজেপি এই বিষয়ে আলোচনা করার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের লুকানোর কিছু নেই। আসুন, সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকা হোক।” তাঁর দাবি, বিজেপি রাজি থাকলেও বিরোধীদের হট্টগোলে সংসদ অচল হয়ে থাকে। সেখানে তাদের কথা বলার কোনও ইচ্ছাই থাকে না।
অমিত শাহের বক্তব্য, বাংলার নির্বাচনের পর বিরোধীরা বুঝে গিয়েছে যে, ভোটে জেতার আর কোনও সম্ভাবনা নেই, তাই ভোট চুরির অভিযোগ জানাতে শুরু করেছে তারা।
উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনের ফল প্রকাশের একদিন পরই অমিত শাহ এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিজেপি ৬টি এবং এসপি ৫টি আসনে জয়ী হয়েছে। বিজেপি তাদের আগের আসন ধরে রেখেছে। অখিলেশ যাদব এই ফলাফলকে বিজেপির পরাজয় বলে উল্লেখ করেছেন।
এদিকে, রবিবার ইন্ডি জোটের বৃহত্তর সমাবেশ রয়েছে রামলীলা ময়দানে। তার আগে আজ, শনিবার পাবলিক ইমপিচমেন্ট করা হচ্ছে মল্লিকার্জুন খাড়্গের বাড়িতে। এই কর্মসূচি থেকেই বিজেপির বিরুদ্ধে কোন কোন ইস্যুতে তোপ দাগা হবে, তা ঠিক করবে বিরোধীরা। স্পিকারের ভূমিকায় থাকবেন মীরা কুমার। সাধারণ মানুষও অংশ নেবেন সেখানে। এমন দুজন ভোটার সেখানে বক্তব্য রাখবেন, যাঁদের নাম এসআইআরে বাদ গিয়েছে।