রাস্তাই নেই! বৃদ্ধাকে খাটিয়ায় নিয়ে রওনা
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ব্লকপাড়া এলাকার বৃদ্ধা বেলি ঋষি এদিন সকাল থেকেই পেটের যন্ত্রণায় ছটফট করছিলেন। বাড়ির লোকেরা টোটকা দিলেও যন্ত্রণা কমেনি। এরপরই বৃদ্ধাকে খাটিয়ায় করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ বৃদ্ধার ভাই রাজু ঋষি বলেন, ‘এলাকায় কেউ অসুস্থ হলে গুনিনদের কাছে নিয়ে যেতে হয়। এই গ্রামে রাস্তা বলতে কিছুই নেই। রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। দিদি এদিন পেটের যন্ত্রণায় ছটফট করছিল। তাই বাধ্য হয়ে এভাবেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।’ স্থানীয় গ্রামবাসী সীমা দাস, খিদির মণ্ডলদের বক্তব্য, এলাকায় কেউ অসুস্থ হলে এভাবেই হাসপাতালে নিয়ে যেতে হয়। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস বলেন, ‘তৃণমূল ক্ষমতায় এসে নতুন করে রাস্তা তৈরির কোনও উদ্যোগ নেয়নি।’ হরিশ্চন্দ্রপুর ১ ব্লক বিজেপির মণ্ডল সভাপতি অজয় পাশোয়ান বলেন, ‘তৃণমূলের উদাসীনতার কারণে আজকে ব্লকপাড়া এলাকার এমন বেহাল অবস্থা তৈরি হয়েছে। তবে অবশ্যই রাজ্য সরকার এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’