Food Safety: পাউরুটির প্যাকেটে লেখা ১০০% হোল হুইট, ভিতরে ৬২% গম! সংস্থাকে বড় জরিমানা করল CCPA | 100% Whole Wheat Bread Contains Only 62% Wheat: CCPA Penalizes Food Company For False Ad - 24 Ghanta Bangla News
Home

Food Safety: পাউরুটির প্যাকেটে লেখা ১০০% হোল হুইট, ভিতরে ৬২% গম! সংস্থাকে বড় জরিমানা করল CCPA | 100% Whole Wheat Bread Contains Only 62% Wheat: CCPA Penalizes Food Company For False Ad

Spread the love

নয়াদিল্লি: পাউরুটির বিজ্ঞাপনে ‘১০০% হোল হুইট ব্রেড’ ও ‘০% ময়দা’ দাবি করে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগে একটি জনপ্রিয় খাদ্যপণ্য প্রস্তুতকারী সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)। কোম্পানিটির পাউরুটিতে গমের পরিমাণ মাত্র ৬২% হওয়া সত্ত্বেও সেটিকে ‘১০০% হোল হুইট ব্রেড’ বলে প্রচার করা হচ্ছিল। এই ঘটনাটিকে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও অন্যায্য ব্যবসায়িক প্রচার বলে উল্লেখ করেছে।

CCPA-র প্রধান কমিশনার নিধি খারে ও কমিশনার অনুপম মিশ্র এই মামলার শুনানি করেন। ২০২৫ সালের ১৩ জানুয়ারি CCPA সংস্থাটিকে নোটিস পাঠায়। কেন এই বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে ও কেন এই কারণে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে, তা বলা হয় CCPA-এর তরফ থেকে। জবাবে সংস্থাটি জানায়, তাদের বিজ্ঞাপন ও পণ্যের লেবেল – আইন মেনেই বানানো হয়েছে। তাদের দাবি ছিল, পাউরুটিতে গমের আটাই প্রধান উপাদান ও এতে ময়দা ব্যবহার করা হয়নি। কিন্তু তদন্তের পরও এই যুক্তি মানতে চায়নি CCPA কর্তৃপক্ষ। এমনকি FSSAI-ও জানায়, এই বিজ্ঞাপনের ফলে ক্রেতাদের ওই পণ্য সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে।

কেন জরিমানা হল?

গত ২২ অক্টোবর জারি করা একটি নির্দেশে CCPA জানিয়েছে, ‘১০০% হোল হুইট ব্রেড’ ও তার সঙ্গে ‘০% ময়দা’ দাবিটি একসঙ্গে দিলে ক্রেতা ভাবতেই পারেন, ওই পাউরুটিটি সম্পূর্ণ গমের আটা দিয়ে তৈরি। অথচ পণ্যের উপাদানের তালিকায় গমের পরিমাণ ছিল ৬২%। তাই বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের আসল উপাদান নিয়ে ইচ্ছে করেই ভুল ধারণা তৈরি করানো হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনও পণ্যে ময়দা না থাকলেই তাকে ‘১০০% আটা দিয়ে তৈরি পণ্য’ বলা যায় না। বিজ্ঞাপনে যা দাবি করা হচ্ছে, তার সঙ্গে আসল পণ্যের মিল থাকা জরুরি।

বিজ্ঞাপন বন্ধের নির্দেশ-

এই ঘটনায় সংস্থাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে CCPA। এর পাশাপাশি খবরের কাগজ, টিভি ও রেডিও বিজ্ঞাপন ও সোশাল মিডিয়া – সব জায়গা থেকে এই বিজ্ঞাপন অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ নিয়ে CCPA জানিয়েছে, খাবারের পণ্য নিয়ে ভুল তথ্য দিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করা যাবে না। কোন পণ্য কিভাবে তৈরি, তা জানার ১০০% অধিকার রয়েছে প্রত্যেক ক্রেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *