Bigg Boss Bangla: বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর উদ্দাম প্রেম নিয়ে উঠছে প্রশ্ন! তাঁদের ওপর ক্ষোভ উগরে কী বললেন সৌরভ? | Bigg Boss Bangla: Sourav Ganguly Slams Rajveer and Nandini Over Intimacy and Fight with Jeetu Kamal - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর উদ্দাম প্রেম নিয়ে উঠছে প্রশ্ন! তাঁদের ওপর ক্ষোভ উগরে কী বললেন সৌরভ? | Bigg Boss Bangla: Sourav Ganguly Slams Rajveer and Nandini Over Intimacy and Fight with Jeetu Kamal

Spread the love

‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে এখন শুধুই বিতর্ক আর উত্তেজনা। রাজবীর দে এবং নন্দিনী দত্তকে নিয়ে রীতিমতো উত্তাল নেটপাড়া। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, উইকেন্ডের পর্বে খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের চূড়ান্ত হুঁশিয়ারি দিতে বাধ্য হন।

ব্যাপারটা কী ঘটেছে?

বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় বিগ বসের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োগুলোতে দেখা যাচ্ছে, ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করছেন রাজবীর ও নন্দিনী। তাঁদের এই উদ্দাম প্রেমের দৃশ্য অনলাইনে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দর্শকদের মনে বার বার প্রশ্ন উঠেছে, একটি পারিবারিক শোয়ে এমন দৃশ্য কীভাবে সম্প্রচারিত হচ্ছে?

এদিকে শনিবার ‘দাদার দরবার’ পর্বে রাজবীর এবং নন্দিনীকে রীতিমতো তুলোধোনা করেছেন মহারাজ। দর্শকদের অনেকেরই মনে হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই রাগের কারণ শুধু রাজবীরের গায়ে হাত তোলা বা খারাপ ব্যবহার নয়। বরং, নন্দিনী আর রাজবীরের খোলাখুলি সম্পর্ক নিয়েও দাদা চরম বিরক্ত। এদিন তাঁদের কড়া ভাষায় ধমক দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ফাইনাল ওয়ার্নিং রাজবীর আর নন্দিনীকে। তোমরা যেরকম আচরণ করছ, বিগ বসকে বলতে বাধ্য হতে হবে যে, তোমরা এই শো ডিজার্ভই করো না। তোমাদের মধ্যে একটা বন্ডিং ছিল, রোম্যান্স লোকে দেখেছে, পছন্দ করেছে, তাই এতদিন পারিবারিক শো-এর কথা বলিনি। কিন্তু সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তোমরা।”

সেইদিন রাজবীরের উগ্র মেজাজ নিয়েও প্রবল ক্ষুব্ধ হন সঞ্চালক। এদিন জীতু কমলের সঙ্গে রাজবীরের তুমুল বচসা হয়। জীতু কটাক্ষ করে বলেন, রাজবীরের বয়স অত্যন্ত কম, তাই তাঁর বরং পুতুল নিয়ে খেলা উচিত। এই কথাতেই যেন আগুনে ঘি পড়ে! পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুজনের মধ্যে চূড়ান্ত ধাক্কাধাক্কি শুরু হয়। বাড়ির অন্যান্য সদস্যরা আটকাতে ছুটে এলেও কোনও লাভ হয়নি। এছাড়া খাবার নষ্ট করা এবং জীতুকে অসম্মান করার মতো গুরুতর অভিযোগ উঠেছিল রাজবীরের বিরুদ্ধে।

সৌরভ স্পষ্ট জানিয়ে দেন, রাজবীরের এই আগ্রাসী আচরণের নেপথ্যে রয়েছে নন্দিনীর উসকানি। রাজবীর নিজের বুদ্ধি দিয়ে নয়, পুরোপুরি নন্দিনীর কথায় প্রভাবিত হয়ে চলছেন। এর ফলেই বাড়ির বাকি সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হচ্ছে। নন্দিনী নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সব মিলিয়ে বিগ বসের ঘর এখন রীতিমতো রণক্ষেত্র। সৌরভের এই কড়া হুঁশিয়ারির পর রাজবীর এবং নন্দিনী নিজেদের শুধরে নেন কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *