ডাইনি সন্দেহে হরিরামপুরে আদিবাসী বৃদ্ধাকে পিটিয়ে খুন, ধৃত প্রতিবেশী যুবক - 24 Ghanta Bangla News
Home

ডাইনি সন্দেহে হরিরামপুরে আদিবাসী বৃদ্ধাকে পিটিয়ে খুন, ধৃত প্রতিবেশী যুবক

Spread the love

ডাইনি সন্দেহে এক আদিবাসী বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযোগের তির প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মৃতের নাম রুমকি মুর্মু (৬৫)। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার শিরশি গ্রাম পঞ্চায়েতের নাহিট এলাকার ঘটনা। শনিবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী যুবক জয়রাম কিস্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হরিরামপুর থানা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়ির চালক জয়রাম কিস্কুর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। জয়রামের সন্দেহ ছিল, প্রতিবেশী বৃদ্ধা ডাইনি হওয়ার কারণেই তার ছেলে ভালো হচ্ছে না। শুক্রবার রাতে এলাকায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলছিল। অভিযোগ, সেই সময়ে মদ্যপ অবস্থায় জয়রাম বৃদ্ধার পথ আটকে গালিগালাজ শুরু করে। এর পরেই লাঠি দিয়ে বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

North Bengal News

খবর জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয়রা। পরে তাঁরাই খবর দেন পুলিশে। এর পরে গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলে গুডুম কিস্কু বলেন, ‘ঘটনার সময় আমি বাইরে ছিলাম। বোন আমাকে ফোন করে জানায় যে মাকে মারধর করা হয়েছে। আমার মা নাকি ডাইনি। ছোট থেকে আজ পর্যন্ত এমন কোনও ঘটনা শুনিনি। দোষীদের কঠোর শাস্তির আবেদন পুলিশের কাছে করেছি।’

অন্য দিকে, জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, ‘বচসা থেকে তর্কাতর্কি শুরু হয়। তার পরে মারধর করা হয় বৃদ্ধাকে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়েছে এমনটা লিখিত অভিযোগে নেই৷’

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী বলেন, ‘এত প্রচারের পরেও মানুষের মন থেকে কুসংস্কারের অন্ধকার পুরোপুরি দূর হয়নি। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এ ভাবে ডাইনি তকমা দিয়ে মানুষ খুন অত্যন্ত নিন্দনীয়। বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা ওই গ্রামে যাবেন। নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি কুসংস্কার দূর করতে এলাকায় সচেতনতা শিবির করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *