ঘূর্ণিঝড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা–সহ দক্ষিণবঙ্গে
২৮ অক্টোবর পরিস্থিতির অবনতির সম্ভাবনা। ওই দিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু’এক জায়গায় ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার হতে পারে। ২৯ অক্টোবর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। একই দিনে উত্তরবঙ্গেরও প্রতিটি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু’এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ২৫ অক্টোবর থেকেই মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। ২৬ থেকে ২৮ অক্টোবর পশ্চিম-মধ্য ও সংলগ্ন পূর্ব-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পরিস্থিতি আরও বিপজ্জনক হওয়ার সম্ভাবনা। ২৭ অক্টোবর থেকে বাংলার উপকূলেও সমুদ্র উত্তাল হতে পারে। উপকূল বরাবর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটারে। ফলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হতে পারে।