জাজদের ছাড়েও আপত্তি ইসির? কমিশনের পাশে বিজেপি, তোপ বিরোধীদের
মহুয়ার এই পোস্ট শেয়ার করেছেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ নির্দিষ্ট ভাবে এই প্রতিবেদনের উল্লেখ না করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভোট চুরি হলো প্রমাণিত ফ্যাক্ট। নির্বাচন কমিশন কখনও বেআইনি ভাবে ফর্ম–৬ এ বদল করেছে, বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম–৭ ব্যবহার করা হয়েছে। এই সার প্রক্রিয়ার সমস্ত আইনি রক্ষাকবচকে বাইপাস করার জন্য ইসিআইনেট-এর মাধ্যমে ভোটার তালিকার উপরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কায়েম করেছে নির্বাচন কমিশন।’
মহুয়া বা জয়রামের বক্তব্য নিয়ে বৃহস্পতিবার কমিশন কোনও প্রতিক্রিয়া দেয়নি। মন্তব্য করেননি রাজ্যের তৎকালীন সিইও তথা বর্তমান মুখ্যসচিব মনোজও। তবে এর আগে তাঁকে নিয়ে মহুয়ার দু’টি পোস্ট নিয়ে তিনি আইনি নোটিস পাঠিয়েছেন এবং আদালত ওই পোস্টের উপরে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে।
‘সার’ প্রক্রিয়া নিয়ে বিরোধীপক্ষের অভিযোগকে গুরুত্ব দিচ্ছে না বঙ্গ বিজেপি। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সাফ কথা, ‘পশ্চিমবঙ্গের এ বারের বিধানসভা নির্বাচন দেশের সামনে নিঃসন্দেহে একটি উদাহরণ। হিংসাপ্রবণ একটি রাজ্যে এতগুলি পর্বে শান্তিতে নির্বাচন হয়েছে। ফল বেরিয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে। এটা আমরাও কল্পনা করতে পারিনি। নির্বাচন কমিশন এটা করেছে। নির্বাচন কমিশনের কাজের প্রশংসা করতে হবে।’