Petrol-Diesel Price: দুবাইয়ে পেট্রোলের দাম ভারতের শহরের থেকে বেশি! শুধু অক্টোবরেই দামবৃদ্ধি ১৬%? | Petrol Cheaper in India Than UAE? Fuel Prices in Dubai Surpass Delhi, Chandigarh in October Check Latest Rates
এক সময় তুলনামূলক সস্তা জ্বালানির জন্য পরিচিত ছিল সংযুক্ত আরব আমিরশাহি। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার জন্য এবার বদলাচ্ছে সেই চিত্র। অক্টোবর মাসে আরবে পেট্রল ও ডিজেলের দাম উল্লেখযোগ্য বেড়েছে। ফলে ভারতের একাধিক শহরে গাড়িচালকদের জ্বালানির জন্য আরবের তুলনায় কম টাকা খরচ হচ্ছে। তবে সব শহরে পেট্রোলের দাম কম নয়। শহরভেদে কর, জ্বালানির ধরণ এবং খুচরো বিক্রির দামের পার্থক্যের কারণে ছবিটা আলাদা।
২২ অক্টোবর ২০২৬-এর হিসাব অনুযায়ী, ভারতের ১৪টি শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৫৪ টাকা থেকে ১১৬.১৫ টাকার মধ্যে রয়েছে। চণ্ডীগড়ে পেট্রোলের দাম ১০১.৫৪ টাকা প্রতি লিটার। অন্যদিকে হায়দরাবাদে দাম ১১৬.১৫ টাকা। ডিজেলের দাম চণ্ডীগড়ে ৮৯.৪৭ টাকা থেকে তিরুবনন্তপুরমে ১০৪.৪০ টাকা প্রতি লিটার আছে। অন্যদিকে আরবে অক্টোবর মাসে বিভিন্ন গ্রেডের পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে ৪.২১ থেকে ৪.৪০ দিরহাম। ডিজেলের দাম হয়েছে ৪.৮০ দিরহাম প্রতি লিটার। ২২ অক্টোবর অর্থাৎ, আজকের হার অনুযায়ী, ভারতীয় মুদ্রায় এই দামগুলি যথাক্রমে ১০৮.১৭ টাকা, ১০৯.৯৫ টাকা, ১১৩.০৩ টাকা ও ডিজেলের ক্ষেত্রে ১২৩.৩১ টাকা। আজ অর্থাৎ, বৃহস্পতিবারের হিসেবে, ১ দিরহাম = ২৫.৬৯ টাকা।
আরবের দাম –
E-Plus 91 পেট্রোল- ৪.২১ দিরহাম বা ১০৮.১৭ টাকা প্রতি লিটার
Special 95 পেট্রোল- ৪.২৮ দিরহাম বা ১০৯.৯৫ টাকা প্রতি লিটার
Super 98 পেট্রোল- ৪.২১ দিরহাম বা ১০৮.১৭ টাকা প্রতি লিটার
ডিজেল- ৪.৮০ দিরহাম বা ১২৩.৩১ টাকা প্রতি লিটার
এই হিসেবে দিল্লি, নয়ডা, লখনউ, চণ্ডীগড়ের মতো শহরে পেট্রোলের দাম আরবের Specail 95 গ্রেডের তুলনায় কম। তবে মুম্বই, কলকাতার মতো শহরের পেট্রোলের দাম আরবের থেকে বেশি। কিন্তু এখানে মনে রাখতে হবে, ভারতের পেট্রোল ও আরবের বিভিন্ন গ্রেডের জ্বালানির গুণমান ও নির্দিষ্ট বৈশিষ্ট্য এক নয়। তাই এই তুলনা মূলত খুচরো দামের উপর করা হয়েছে।
কেন দাম বাড়ল?
আরবে প্রতি মাসে আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে পেট্রোল বা ডিজেলের দাম নির্ধারণ করা হয়। অক্টোবর মাসে দেশটিতে ৩টি পেট্রোল গ্রেডের দামই প্রায় ১৬% বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগই তেলের দাম বাড়ার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার হয়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাজার এখন প্রায়দিনই গরম থাকছে।