দিল্লির পুজোয় থিম ‘মুদ্রণের শক্তি’, তুলে ধরা হলো পঞ্চানন কর্মকারের ইতিহাস
এই পুজো মণ্ডপে ঢুকলেই জানা যাবে বাংলার মুদ্রণের জনক পঞ্চানন কর্মকারের জীবনী এবং ইতিহাস৷ চিরকাল প্রচারের অন্তরালে থাকতে ভালোবাসা পঞ্চানন কর্মকারকে বর্তমান ‘জেন-জ়ি’ প্রজন্ম ভুলে গেলেও ভোলেননি আরামবাগ পুজো সমিতির সদস্যরা৷ বাংলা এবং বাঙালির মননের সঙ্গে জড়িত থাকা মুদ্রণ জগতের গত দুই শতাব্দীর ইতিহাস সংগ্রহ করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই মণ্ডপে।
সমিতির চেয়ারম্যান অভিজিত্ বসু বলেন, ‘আমাদের শ্রদ্ধার্ঘ্য মুদ্রণ জগতের প্রত্যেকের প্রতি৷ আমরা আশা রাখি আগামী প্রজন্ম মুদ্রণের শক্তিকে ধরে রাখতে আগ্রহী হবে৷ সেখানেই সার্থকতা পাবে আমাদের সম্মিলিত উদ্যোগ৷’ এই ব্যতিক্রমী দুর্গোত্সব উদযাপনের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘এই সময়’ পত্রিকা৷