মণ্ডপ ভেঙে পড়তে পারে, ঘোষণার পরেই আতঙ্ক! চাঞ্চল্যকর অভিযোগ পুলিশের
কলকাতা: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ। প্রবল বৃষ্টির সঙ্গে মণ্ডপ ভেঙে পড়তে…
কলকাতা: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ। প্রবল বৃষ্টির সঙ্গে মণ্ডপ ভেঙে পড়তে পারে বলে ঘোষণার জেরে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তার পরেই হুড়োহুড়ি শুরু হয় বলে পুলিশের এক আধিকারিকের দায়ের করা অভিযোগে দাবি করা হয়েছে। শনিবার সন্ধ্যার এই ঘটনায় একাধিক মানুষ আহত হন।
পুলিশের অভিযোগ অনুযায়ী, ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে উত্তর কলকাতার ১০/১ রাধামাধব সাহা লেনের পুজোমণ্ডপে ঘটনাটি ঘটে। এলাকাটি গিরিশ পার্ক থানার অধীন। অভিযোগ দায়ের করেন ওই থানার সাব-ইনস্পেক্টর রূপক দাস। তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হবে বলে জানা গিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আচমকা প্রবল বৃষ্টি শুরু হওয়ার পর পুজো উদ্যোক্তাদের তরফে মণ্ডপের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে এবং যে কোনও মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে বলে ঘোষণা করা হয়। এরপর দর্শনার্থীদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়। সেই পরিস্থিতি থেকেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে পুলিশের দাবি।
হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাব-ইনস্পেক্টর রূপক দাস। সেখানে তিনি একাধিক আহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তাঁদের মধ্যে অনেকে অচৈতন্য ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পুলিশকর্মী ও স্থানীয় বাসিন্দারা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। একই সঙ্গে মণ্ডপ খালি করে দিয়ে এলাকাটি ঘিরে ফেলা হয়।
আহতদের কয়েক জনকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে যান ওই পুলিশ আধিকারিক। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ১০ জনের মৃত্যুর কথা জানান বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
মৃতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের অভিষেক শ্রীবাস্তব, ২৬ বছরের শ্রীপর্ণা পোদ্দার, ৪৫ বছরের মিঠু মণ্ডল, ১৭ বছরের আকৃতি কুমারী ও বর্ণালী হালদার, ৩২ বছরের শুভম সোনকর, ৪৫ বছরের আরতি সরকার বিশ্বাস, ৪৬ বছরের কল্পনা জানা, ১৮ বছরের তানিয়া বিশ্বাস এবং ৩৭ বছরের টগর ভেজ।
পুলিশের অভিযোগে ঘটনার প্রাথমিক বিবরণ উঠে এলেও কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা তদন্তের পরই আরও স্পষ্ট হবে।