CM Suvendu Adhikari: ‘উনি আইনের উর্ধ্বে নাকি!’, বিকাশ রঞ্জন ‘বাঘ না সিংহ?’, প্রশ্ন মুখ্যমন্ত্রীর | CM Suvendu Adhikari Once Again Warn CPIM Leader Bikash Ranjan Bhattacharya About Legal Action over his Hindu Remark
বিকাশ রঞ্জনকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রীর।Image Credit: TV9 বাংলা
কলকাতা: আবারও সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যখন একের পর এক জায়গায় বিকাশ রঞ্জনের ‘হিন্দুত্ববাদী’ শব্দ নিয়ে বিতর্ক হচ্ছে, সেই সময়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, “উনি আইনের উর্ধ্বে নাকি! বাঘ না সিংহ! উনি কে?”
এ দিন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “উনি আইনের উর্ধ্বে নাকি! বাঘ না সিংহ! উনি কে? কাদের বলেছেন হিন্দুত্ববাদী। সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন। আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ফাইনালি আইন মানতে হবে। কনক্লুসন দেখতে পাবেন। ভরা সিপিএম আমলে লক্ষণ শেঠকে হারিয়েছি।”
প্রসঙ্গত, প্রবীণ আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার পরই তিনি ফেসবুকে একটি পোস্টে তিনি ‘হিন্দুত্ববাদী’ শব্দটি লিখেছিলেন। এরপরই বিতর্কের সূত্রপাত। মুখ্যমন্ত্রী ওই পোস্ট সংশোধন করার ডেডলাইন বেঁধে দেন। তারপরও তিনি সেই পোস্ট সংশোধন করেননি। এরপরই কসবা ও গড়ফা থানায় তাঁর নামে এফআইআর দায়ের হয়। যদিও তিনি হাজিরা দেননি থানায়। আজ বসিরহাট থানাতেও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল অভিযোগ দায়ের করে।
নতুন করে অভিযোগ হওয়া নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “বেশ করেছে। ওরা ওদের চরিত্র অনুযায়ী কাজ করবে, সেটাই স্বাভাবিক”। অন্যদিকে এই নিয়ে পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বিকাশবাবু যদি মনে করে থাকেন উনি বিভিন্ন জায়গায় হিন্দুত্ব আর হিন্দুকে অপমান করবেন, মুখ ঢেকে কেউ তাঁর বাড়ি ভাঙচুর করবে, উনি বলে দিলেন হিন্দুরা এসেছে। সিপিএম থেকে বলা হচ্ছে, গেরুয়া গুণ্ডা বাহিনী। এগুলো তো সহ্য করা যাবে না। আপনার বক্তব্য থাকলে যান, গিয়ে বলুন। নিজেদের অস্তিত্ব ফিরে পাওয়ার জন্য এটা করছেন নাতো? সেটাও একটা প্রশ্ন।”