Durga Puja Bus service: পুজোর মুখে এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস | 5 new government buses launched on this route ahead of Puja
দুর্গাপুর: পুজোর মুখে দারুণ সুখবর। আরও পাঁচটি বাসের উদ্বোধন হল। জানা যাচ্ছে, পরিবেশ বান্ধব বাস চালু হয়েছে। দুর্গাপুর ও আসানসোলের পরিবহন পরিষেবায় যুক্ত হয়েছে এই পাঁচটি অত্যাধুনিক বৈদ্যুতিক বাস। দুর্গাপুরের (Durga puja) সিটি সেন্টার বাস টার্মিনাস থেকে নতুন বাসগুলির পরিষেবার সূচনা হয়েছে। তিনটি রুটে চলবে সম্পূর্ণ বাতানুকূল এই বাসগুলি। পাশাপাশি বৈদ্যুতিক বাসের চার্জিং পরিকাঠামো গড়ে তুলতে আসানসোলে চালু হয়েছে একটি নতুন ইভি চার্জিং স্টেশন।
ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (NCAP)-এর আওতায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় বাসগুলি কেনা হয়েছে। প্রতিটি বাসের আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লক্ষ টাকা। পরিবেশবান্ধব গণপরিবহণের প্রসারের পাশাপাশি নতুন বাসগুলিতে বিশেষভাবে সক্ষম যাত্রীদের যাতায়াতের সুবিধার দিকেও নজর দেওয়া হয়েছে।
দুর্গাপুরের বেনাচিতি থেকে চন্ডিদাস বাজার ও ভগৎ সিং মোড় হয়ে বর্ধমান রুটে চলবে দুটি বাস। আরও দুটি বাস চলবে দুর্গাপুর থেকে বার্নপুর হয়ে আসানসোল রুটে। বাকি একটি বাস যুক্ত হবে দুর্গাপুর শহরের অভ্যন্তরীণ পরিবহন পরিষেবায়। মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস টার্মিনাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই, এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রণব ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা। সেখান থেকেই এই বাস উদ্বোধন হয়।