ওষুধ দোকানে মাদক বিক্রির অভিযোগ, প্রতিবাদ করতেই পাঞ্জাবে গুলি করে খুন সমাজকর্মীকে, ভাইরাল ভিডিয়ো
সমাজ মাধ্যমে জনপ্রিয় পারভিন্দর সিং ঝোটা
পাঞ্জাবের মানসা এবং সংলগ্ন এলাকায় বেশ কয়েক বছর ধরে মাদক বিরোধী আন্দোলন চালাচ্ছিলেন পারভিন্দর। এলাকার একাধিক ওষুধ দোকানে বেআইনি ভাবে মাদক বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছেন পারভিন্দর। সেই সব ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। ফেসবুকে তাঁর ২৪,০০০ ফলোয়ার রয়েছে। এর আগে ২০২৩ সালেও খবরের শিরোনামে উঠে এসেছিলেন পারভিন্দর সিং ঝোটা। ২০২৩ সালের জুলাই মাসে একটি ওষুধ দোকানে বেআইনি মাদক বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ জানান তিনি। সেই ঘটনায় পুলিশ পারভিন্দরের বিরুদ্ধে হেনস্থা, দাঙ্গা বাধানো, বেআইনি অনুপ্রবেশ-সহ একাধিক অভিযোগে মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় পারভিন্দরকে। তবে, গ্রেপ্তারির দু’মাস পরে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।