ভোটগণনা নিয়ে ভুল তথ্য পরিবেশন? অভিষেকের বিরুদ্ধে রেজিনগর থানায় অভিযোগ
মমতা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রেজিনগর থানায় মামলা দায়ের হয়েছে। সমাজমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে কালিমালিপ্ত করার অভিযোগে শনিবার প্রশাসনের তরফে রিটার্নিং অফিসার ওই অভিযোগ দায়ের করেন বলে জানা গিয়েছে।
শুক্রবার রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। তাতে রেজিনগর বিধানসভার ১০৯ নম্বর বুথে ভোটার সংখ্যা ৭৭২ এবং বিজেপি ৯০৯টি ভোট পেয়েছে বলে ওই পোস্টে উল্লেখ রয়েছে। সেই তথ্য মিথ্যা বলে জানানো হয় জেলা প্রশাসনের তরফে। মুর্শিদাবাদ জেলাশাসক আর অর্জুন সঠিক তথ্য জানিয়ে পাল্টা পোস্ট করে জানান, ওই বুথে মোট ভোটার ১১০৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৫৭৫ ও মহিলা ভোটারের সংখ্যা ৫৩৪। তবে ৬ অক্টোবর ভোটগ্রহণের দিন ওই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে রেজিনগর থানার পুলিশ জানান। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মিথ্যা তথ্য পরিবেশন করে সমাজমাধ্যমে জেলা প্রশাসনকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানাতে অভিযোগ জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০৯ নম্বর বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি। তার মধ্যে বিজেপি পেয়েছে ৯০৯টি, কংগ্রেস ১১টি, মমতা তৃণমূল ৫টি, গণতান্ত্রিক তৃণমূল ২টি, সিপিএম ১০টি, এজেইউপি ১টি, আরএসপি ২টি, চার নির্দল মিলিয়ে ২৮টি ভোট মিলিয়ে বৈধ ভোট পড়েছে ৯৬৭টি। আর নোটা-তে পড়েছে ৫টি ভোট। ফলে ওই বুথে মোট ৯৭২টি ভোট পড়েছে।
এ ব্যাপারে অভিষেককে কটাক্ষ করে রেজিনগরের বিধায়ক বিজেপি’র শাখারভ সরকার বলেন, ‘আমেরিকাতে চোখ সারাতে গিয়েছিলেন বলে শুনেছিলাম। এখন চোখের বদলে কী সারিয়ে এসেছেন দেখা হলে জানার চেষ্টা করব।’ মমতা তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী বলেন, ‘প্রতিহিংসা ও প্রতিশোধস্পৃহা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করা হয়েছে। কারণ অনেকেই ওই পোস্ট শেয়ার করেছেন। অভিযোগ দায়ের হলে সকলের বিরুদ্ধে অভিযোগ করা উচিত।’