Aahar Canteen: মাত্র ১ টাকায় পেটভরে খাবার! পাতে বিরিয়ানি, মিষ্টি, মহালয়া থেকেই চালু হচ্ছে আহার ক্যান্টিন | Kolkata Re 1 Food Scheme: NDA Ally LJP (Ram Vilas) to Start Aahar Canteen in Rajabazar
কলকাতা: ৫ টাকা নয়, এবার আরও কম খরচে মিলবে খাবার। গরিব ও দুঃস্থ মানুষদের জন্য মাত্র ১ টাকায় খাবারের ব্যবস্থা চালু হতে চলেছে শহরে। উদ্যোগী এনডিএ-র জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। মহালয়ার দিন থেকেই কলকাতায় চালু হচ্ছে আহার ক্যান্টিন। যেখানে মাত্র ১ টাকা দিয়েই খাবার পাবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, বিগত সরকারের আমলে ৫টাকার ‘মা ক্যান্টিন’ চালু করা হয়েছিল। সেখানে গরিব ও দুঃস্থ মানুষদের ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার প্রকল্পের নাম পরিবর্তন করে রাখে মা আহার ক্যান্টিন। এবার আহার ক্যান্টিন চালু হচ্ছে শহরে।
কোথায় চালু হচ্ছে আহার ক্যান্টিন?
কলকাতার রাজাবাজারে চালু হচ্ছে এই বিশেষ ক্যান্টিন। লোক জনশক্তি পার্টির (রামবিলাস) রাজ্য সাধারণ সম্পাদক শঙ্খজিত লাল মিত্রের ব্যক্তিগত উদ্যোগে শুরু হচ্ছে এই পরিষেবা। মহালয়ার দিন থেকেই আহার ক্যান্টিন চালু হয়ে যাবে।
উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শনিবার রাজাবাজারে এই ক্যান্টিন চালানো হবে। একদিনে ২০০ জনের খাবারের ব্যবস্থা থাকবে। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কী কী খাবার মিলবে?
মাত্র ১ টাকায় কী খাবার পাওয়া যাবে, তা নিয়েও স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। প্রথম দিনের মেনুতে থাকছে নিরামিষ বিরিয়ানি, সয়াবিনের তরকারি এবং মিষ্টি। অর্থাৎ নামমাত্র মূল্যে একসঙ্গে একাধিক পদ পাতে পড়বে।
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকারের আমলে তৃণমূলের ‘মা ক্যান্টিন’ প্রকল্পের শুধু নাম পরিবর্তন হয়নি। বদলেছে মেনুও। বিজেপির মা আহার ক্যান্টিনে পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে মাছ ভাতও। মমতার জমানায় ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। আর বিজেপি সরকারের আমলে গরিব-দুঃস্থদের পাতে পড়ছে সপ্তাহে দুই দিন মাছ ভাত, সঙ্গে সবজি, ডাল। আবার সপ্তাহে দুই দিন থাকছে ডিম ভাতের আয়োজন।