Cooch Behar Dhaki Crisis: ঢাকের বাদ্যি শোনার অপেক্ষায় যখন গোটা বাংলা, তখন অন্ধকার ঘিরছে ঢাকিদের…কেন? | Cooch Behar Dhaki Crisis: Floods in Assam Leave Dhakis Without Puja Orders, How Will They Survive?
রিয়া নমোদাসের রিপোর্ট
কোচবিহার: পুজোর আগে মুখ ভার কোচবিহারের ঢাকিদের, অসমের বন্যায় কমেছে অর্ডার। কোচবিহার লাগোয়া পড়শি রাজ্য অসম। প্রতি বছরই দুর্গাপুজোর মরশুমে পাড়ি দেন কোচবিহারের ঢাকিরা। ভিনরাজ্যে গিয়ে বড় বাজেটের পুজোয় ঢাক বাজিয়েই বছরের একটা বড় সময়ের জন্য রোজগার করেন তাঁরা। কিন্তু এবার সেটা হচ্ছে না।
দুর্গাপুজোর মরশুমের আয়ের উপরেই অনেকটা নির্ভর করে ঢাকি পরিবারের সারা বছরের সংসার। তবে এই বছর সেই চিত্রে বড়সড় পরিবর্তন এসেছে। অসমের বন্যা পরিস্থিতির জেরে সেখানে বেশ কিছু পুজোর আয়োজন কমেছে। কমেছে বড় বাজেটের পুজোর সংখ্যাও। ফলে কোচবিহারের ঢাকিদের অর্ডারও আগের তুলনায় অনেকটাই কমেছে।
শুধু অসম নয়, কোচবিহারেও এই বছর একাধিক পুজোর বাজেট কমেছে বলে জানাচ্ছেন ঢাকিরা। পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি থাকলেও, এখনও সেভাবে অর্ডার পাননি তাঁরা। প্রতিবছর এই সময়ে যেখানে ব্যস্ততা তুঙ্গে থাকে, এবছর সেখানে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।
পুজোর মরশুমে ভালো রোজগারের আশায় সারা বছর অপেক্ষা করেন ঢাকিরা। এই সময়ে পরিবারের জন্য নতুন জামাকাপড় থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী কেনাকাটা করেন তাঁরা। কিন্তু এই বছর অর্ডার কম থাকায় সেই কেনাকাটাও হচ্ছে না বললেই চলে।
পুজোর আগে ঢাকের বাদ্যি শোনার অপেক্ষায় যখন গোটা বাংলা, তখন কোচবিহারের ঢাকিদের কপালে চিন্তার ভাঁজ। পুজোর কয়েকদিনের আয় দিয়ে কীভাবে আগামী দিনগুলির সংসার চলবে, সেই আশঙ্কাতেই দিন কাটছে তাঁদের।