এশিয়াডে আর্চারিতে সোনা ভারতের মেয়েদের, কোরিয়ার ৪৪ বছরের আধিপত্য ভেঙে ইতিহাস
এশিয়ান গেমসের শুরুতে ভারতের মহিলা রিকার্ভ দলকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার আধিপত্য ভাঙা যে কঠিন, তা সবারই জানা ছিল। বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা কাং চে ইয়ং ছাড়াও লি ইউনজি এবং ও ইয়েজিন ছিলেন কোরিয়ার দলে। কিন্তু ভারতের তিন মহিলা আর্চার অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা এবং কুমকুম মোহদের কাছে বাড়তি গুরুত্ব ছিল না সেই সুনাম বা র্যাঙ্কিংয়ের। লড়াইতেই ভরসা রেখেছিলেন তাঁরা। তাতেই এল সাফল্য। রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে রিকার্ভে মেয়েদের দলগত ইভেন্টে সোনা জিতল ভারত।
এশিয়ান গেমসের ইতিহাসে এই ইভেন্টে এটাই ভারতের প্রথম সোনা। একই সঙ্গে এই ইভেন্টে কোরিয়ার ৪৪ বছরের আধিপত্য ভেঙে দিলেন ভারতের তিন মহিলা অ্যাথলিট। চলতি এশিয়ান গেমসে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হলো ৬৮। এর মধ্যে রয়েছে ১১টি সোনা, ২৪টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ।