২০২৯-এর আগেই ২১ রাজ্যে UCC! অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা অমিত শাহের
অভিন্ন দেওয়ানি বিধি বা UCC নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু…
অভিন্ন দেওয়ানি বিধি বা UCC নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিজেপি শাসিত ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে দাবি করলেন তিনি। মুম্বইয়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর একটি কর্মসূচিতে যোগ দিয়ে এই ঘোষণা করেন শাহ।
অমিত শাহের কথায়, ইতিমধ্যেই একাধিক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে। তাঁর বিশ্বাস, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি শাসিত ২১টি রাজ্যেই UCC চালু হয়ে যাবে।
দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়। এরপর গুজরাটেও UCC চালু হয়েছে। অসমেও এই আইন পাশ হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে। ফলে আগামী দিনে আরও একাধিক রাজ্যে UCC কার্যকরের সম্ভাবনা তৈরি হয়েছে।
অভিন্ন দেওয়ানি বিধির মূল লক্ষ্য হল বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার-সহ ব্যক্তিগত আইনের ক্ষেত্রে ধর্ম নির্বিশেষে অভিন্ন নিয়ম চালু করা। অর্থাৎ, একই রাজ্যের বাসিন্দাদের জন্য ধর্মের ভিত্তিতে আলাদা ব্যক্তিগত আইন না রেখে একই আইনি কাঠামো কার্যকর করার কথা বলা হচ্ছে। তবে আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশেষ সুরক্ষার বিষয়টি রাখা হয়েছে।
Advertisements
UCC নিয়ে এই ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর কথাও জানান অমিত শাহ। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত টানা এক মাস দেশজুড়ে এই কর্মসূচি চলবে। মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিকেও এই অভিযানের সঙ্গে যুক্ত করা হয়েছে।
এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক সিদ্ধান্ত ও সাফল্যের কথাও তুলে ধরেন শাহ। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার এবং তিন তালাক প্রথা নিষিদ্ধ করার মতো পদক্ষেপের উল্লেখ করেন তিনি। একইসঙ্গে নকশালবাদ মোকাবিলা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশে ফেরানোর বিষয়েও কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।