Duleep Trophy Semi Final: তিলকের অধিনায়কোচিত ইনিংস, দলীপ ফাইনালে বৈভবদের মুখোমুখি উত্তরাঞ্চল! | South Zone Defeats North Zone by 7 Wickets to Set Up Summit Clash with East Zone In Duleep Trophy Final
বেঙ্গালুরু: অধিনায়ক তিলক বর্মার দুর্দান্ত ফর্ম ও বোলার এমডি নিধিশের বোলিংয়ে ভর করে দলীপ ট্রফি ২০২৬-এর ফাইনালে জায়গা করে নিল সাউথ জোন বা দক্ষিণাঞ্চল। বুধবার বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ড ২-তে সেমিফাইনালের চতুর্থ দিনে নর্থ জোন বা উত্তরাঞ্চলকে ৭ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নেয় তারা। প্রথম ইনিংসে অপরাজিত শতরানের পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন তিলক।
৪র্থ দিনের শুরুতে উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ২৫৬/৭ ও লিড ছিল ১৩৯ রানের। শেষ দিনে স্কোরবোর্ডে তারা মাত্র ৪১ রান জুড়েছে। শেষ পর্যন্ত উত্তরাঞ্চল করেছে ২৯৭ রান, ৩৫ রানে অপরাজিত থাকেন নিশান্ত সিন্ধু। এর ফলে দক্ষিণাঞ্চলের সামনে টার্গেট হয় ১৮১ রানের। জবাবে ব্যাট করতে নেমে ভাল খেলছিলেন রিকি ভুই ও নারায়ণ জগদীশন। প্রথম উইকেটের পার্টনারশিপে তাঁরা ৬৪ রান তোলেন। ৫৩ বলে ৪২ রান করে গুরনুর ব্রারের বলে আউট হন রিকি। লাঞ্চ ব্রেকে দক্ষিণাঞ্চলের স্কোর ছিল ৭২/২। ১০২ রানে পড়ে তৃতীয় উইকেট। এরপর থেকেই ক্রিজের এক প্রান্ত ধরে খেলা শুরু করেন তিলক ভার্মা। তিলক ও স্মরণের মধ্যে দুর্দান্ত ৭৯ রানের পার্টনারশিপই দক্ষিণাঞ্চলকে ম্যাচে ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত বাউন্ডারি হাঁকিয়ে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক তিলক। তিনি অপরাজিত থাকেন ৭৯ বলে ৫১ রানে। স্মরণ অপরাজিত থাকেন ৪২ বলে ৩২ রানে।
এই ম্যাচের টার্নিং পয়েন্ট এককথায় তিলকের প্রথম ইনিংসের সেঞ্চুরি। একসময় ৮০ রানে ৫ উইকেট হারিয়ে খুব চাপে পড়ে গিয়েছিল দক্ষিণাঞ্চল। সেখান থেকে শ্রেয়স গোপালকে (৮৭) সঙ্গে নিয়ে ১৭৫ রানের পার্টনারশিপে ম্যাচ একপ্রকার নিজেদের করে নেন তিলকরা। আগামী ৬ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা মেগা ফাইনালে পূর্বাঞ্চলে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল। মঙ্গলবার অপর সেমিফাইনালে মধ্যাঞ্চলকে ৪ উইকেটে হারিয়ে আগেই ফাইনালে উঠে গিয়েছিল পূর্বাঞ্চল। এর ফলে ফাইনালে মুখোমুখি হবেন তিলক ও বৈভব সূর্যবংশী।