Bakkhali Tourist Safety | বকখালিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন
রাজ্যজুড়ে একের পর এক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বকখালিতে এ বার একাধিক হোটেলে প্রশাসনের আধিকারিকদের সারপ্রাইজ় ভিজ়িট। কাকদ্বীপ মহকুমা প্রশাসন, দমকল বিভাগ, নামখানা ব্লক প্রশাসন এবং স্থানীয় থানার পুলিশের যৌথ প্রতিনিধি দল বকখালির একাধিক আবাসিক হোটেলে আচমকা পরিদর্শনে যায়। হোটেলগুলির ফায়ার সেফটি লাইসেন্স, অগ্নিনির্বাপণ যন্ত্রের কার্যকারিতা এবং রান্নাঘরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা।