স্বদেশি জিনিসের ওপর আস্থা রাখতে প্রতিটি বিধানসভায় গড়ে উঠবে খাদি কেন্দ্র
একই কেন্দ্রে গ্রামীণ শিল্পীদের হাতে সামগ্রী
বৃহস্পতিবার উদ্বোধন হয় হলদিয়া খাদি গ্রামীণ বিপণন কেন্দ্র-র। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটে এর উদ্বোধন করেন বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী। সেখানে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, জেলাশাসক নিরঞ্জন কুমার-সহ প্রশাসনের আধিকারিকরা।এটিই পূর্ব মেদিনীপুর জেলায় একমাত্র খাদি ও গ্রামীণ বিপণন কেন্দ্র বলে জানিয়েছেন আধিকারিকরা।
এই কেন্দ্রে পাওয়া যাবে হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন জিনিস। খাদি বস্ত্রের মধ্যে থাকবে রেশম, তসর, গরদ, বালুচরি ও খাদির শাড়ি। পাশাপাশি পাঞ্জাবি, শাড়ি, চুড়িদার, শার্টের মতো পোশাকও মিলবে সেখানে। গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি মশলা, মধু, ঘি, বড়ি, আচার, পাপড়-সহ নানা সামগ্রীও এখানে বিক্রি হবে বলেও জানিয়েছেন আধিকারিকরা।