গাজ়িপুরের গঙ্গায় জোড়া ইলিশ, ২০০ বছর আগে হ্যামিল্টনের দেখা মাছ ফের উত্তরপ্রদেশে
কুবলয় বন্দ্যোপাধ্যায়
‘অঘটন’ কি এমন ঘটনাকেই বলে? যদি তা–ই হয়, তবে এমন ‘অঘটন’ সব সময়েই স্বাগত বলে মনে করছেন মৎস্যবিজ্ঞানীর দল। দীর্ঘ কয়েক দশকের অনুপস্থিতির পরে উত্তরপ্রদেশের গাজ়িপুরের গঙ্গায় যে ভাবে মাছের রাজা ইলিশকে উঁকিঝুঁকি মারতে দেখা গিয়েছে, তাকে অঘটন ছাড়া আর কী–ই বা বলা যায়! ফরাক্কায় বাঁধ তৈরির পর থেকে গত কয়েক দশক ধরে গঙ্গার মধ্য ও উচ্চ অববাহিকা থেকে কার্যত হারিয়েই গিয়েছে ইলিশ। তার পর হঠাৎই এমন ভাবে তাদের দর্শনকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন সবাই। যদিও মাত্র দু’টি মাছের দেখা পাওয়াকেই ইলিশের পুরোনো বিচরণক্ষেত্রে ফিরে আসা বলে এখনই মানতে নারাজ বিজ্ঞানীরা।