Winter Weather in West Bengal: পারদ নেমে গেল ১.৬ ডিগ্রিতে, পৌষ পার্বণে ‘প্রাণ’ ফিরে পাচ্ছে শীত – Bengali News | Cold Weather in West Bengal, Darjeeling Temperature Drops to 1 degree, More Cold Weather for Upcoming two days
জম্পেশ ঠান্ডা বাংলাজুড়ে।Image Credit: PTI
কলকাতা: দু’দিনের ছোট বিরতি। আবার ফিরছে জাঁকিয়ে শীত। নিম্নচাপের মেঘ সরতেই বাড়ছে হিমেল হাওয়ার গতি। ঝুপ করে কমল তাপমাত্রা। মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। কতটা শীত থাকবে? কতদিনই বা চলবে এই হাড় কাঁপানো ঠান্ডা?
শ্রীলঙ্কায় নিম্নচাপের প্রভাবে মেঘ ঢুকেছিল পশ্চিমবঙ্গের আকাশে। মেঘের কারণে বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া, যে কারণে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছিল। তবে আজ আবার কমে গেল তাপমাত্রার পারদ। আজ ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার তাপমাত্রা। গতকাল, রবিবারই কলকাতায় তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে আরও কিছুটা শীত বাড়বে বলেই পূর্বাভাস।
শুধু কলকাতা নয়, জেলার দিকেও তাপমাত্রা কমছে। আজ কল্যাণীতে তাপমাত্রা রয়েছে ৭.৫ ডিগ্রি, শ্রীনিকেতনের তাপমাত্রা রয়েছে ৮ ডিগ্রি। ব্যারাকপুর, বহরমপুরের তাপমাত্রা আজ রয়েছে ১০ ডিগ্রিতে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিনে ঠান্ডা আরও কিছুটা বাড়বে।
উত্তরবঙ্গের তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে।দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার চাদর রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে। চলবে শৈত্য প্রবাহ।
আলিপুরদুয়ারে তাপমাত্রা রয়েছে ১২.৪ ডিগ্রিতে, দমদমে তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, দীঘায় তাপমাত্রা রয়েছে ১১.৬ ডিগ্রি, পুরুলিয়ায় তাপমাত্রা ১১.৪ ডিগ্রি, কল্যাণীতে তাপমাত্রা রয়েছে ৭.৫ ডিগ্রি। দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে ৩.৬ ডিগ্রি, কালিম্পংয়ে তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি, কোচবিহারে ৯.১ ডিগ্রি, জলপাইগুড়িতে ৯.৭ ডিগ্রি তাপমাত্রা। দার্জিলিংয়ে এক সময়ে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১.৬ ডিগ্রিতে।